সাতক্ষীরার আশাশুনি উপজেলায় ঘরের ফ্যানের সুইচ অন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লতিকা সরকার (৪৫) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জুলাই) দুপুরে উপজেলার খলিসানি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের সুশান্ত সরকারের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর আনুমানিক দেড়টার দিকে লতিকা সরকার নিজ ঘরের ফ্যানের সুইচ অন করতে গেলে বৈদ্যুতিক লাইনের ত্রুটির কারণে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা দ্রুত অ্যাম্বুলেন্সযোগে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান।
সাতক্ষীরা সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, বিকেল ৪টা ২০ মিনিটে জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ডা. অঞ্জন কুমার চক্রবর্তী তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
ডা. অঞ্জন কুমার চক্রবর্তী জানান, হাসপাতালে আনার আগেই লতিকা সরকারের মৃত্যু হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার তীব্র আঘাতেই তার মৃত্যু হয়েছে।
হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে একটি লিখিত প্রতিবেদন পাঠানো হয়েছে। আইনগত কার্যক্রম শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।