কুষ্টিয়া-ভেড়ামারা মহাসড়কের উপজেলার ১২ মাইল মিজান
তেল পাম্পের সামনে প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আশকর মণ্ডল (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত সোহাগ বিশ্বাসকে (২৭) উদ্ধার করে ভেড়ামারা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার দুপুরে ভেড়ামারা উপজেলার ১২ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আশকর মণ্ডল কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চণ্ডিপুর এলাকার মৃত গাজী সরদারের ছেলে। প্রাইভেটকারটি আটক করা হয়েছে।
ভেড়ামারা থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আশকর মণ্ডল ও সোহাগ বিশ্বাস মোটরসাইকেলে ভেড়ামারা থেকে কুষ্টিয়া শহরে যাচ্ছিলেন। এ সময় ১২ মাইল মিজান তেল পাম্পের সামনে বিপরীত দিক থেকে আসা আরেকটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা সড়কে ছিটকে পড়েন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ভেড়ামারা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশকর মণ্ডলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গুরুতর আহত একজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ভেড়ামারা থানার ওসি (তদন্ত) রাকিবুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরবর্তীতে আইনি পদক্ষেপ নেয়া হবে।