অস্ট্রেলিয়ায় খুবি’র ২ প্রাক্তন শিক্ষার্থীর মৃত্যু
অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশী দম্পতি সমুদ্রে ডুবন্ত বাচ্চাদের জীবিত উদ্ধার করলেও নিজেরা পানিতে তলিয়ে মৃত্যুবরণ করেছেন। তারা দুজনই খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী।
রোববার খুবি’র জনসংযোগ বিভাগের এক বিৃবতিতে এ তথ্য জানানো হয়েছে।
মৃত দুজন হলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) বিভাগের ’৯৭ ব্যাচের শিক্ষার্থী ড. শহিদুল হাসান স্বপন ও একই বিভাগের’০৩ ব্যাচের শিক্ষার্থী ড. সাবরিনা আহমেদ পাপড়ি।
শনিবার (২৮ ডিসেম্বর) অস্ট্রেলিয়ার পার্থের ওয়ালপোল শহরের সমুদ্র সৈকতে বেড়াতে গেলে তাদের দুই সন্তান সমুদ্রের পানিতে ডুবে যেতে থাকে। ড. স্বপন ও ড. পাপড়ি দ্রুত তাদের উদ্ধার করতে সমুদ্রে নামেন। বাচ্চাদের জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও তারা নিজেরা পানিতে তলিয়ে যান। স্থানীয় পুলিশ সমুদ্র সৈকত থেকে তাদের লাশ উদ্ধার করে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম সাবেক দুই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।