ঝিনাইদহের শৈলকূপায় ভিজিএফ কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৫ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার চর গোলকনগর গ্রাম সহ বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের সবাই শৈলকূপা উপজেলার মির্জাপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মী বলে জানা গেছে।
শৈলকূপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ন বাবর ফিরোজ আটকের তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, সংঘর্ষের পরে শুক্রবার মির্জাপুর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি সায়েম আলী ও যুবদল নেতা শামীম লস্কর বাদি হয়ে শৈলকূপা থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করেন। এ ঘটনায় উভয়পক্ষই একে অপরের গ্রেপ্তার ও শাস্তির দাবি করেন।
অভিযোগের পর পুলিশ মির্জাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির মুক্তি, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সায়েম আলী, যুবদল নেতা শামীম লস্কর, মহিদুল ইসলাম, পান্না মিয়াসহ উভয়পক্ষের অন্তত ১৫ জনকে আটক করেছে।
এ বিষয়ে শৈলকূপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন বাবর ফিরোজ বলেন, যারাই দলীয় শৃঙ্খলা ভঙ্গ করবে, তাদের বিরুদ্ধে দলীয় ভাবে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে শৈলকূপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, চর গোলকনগর গ্রামে সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের লোকজন থানায় অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে ১৫ জনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলার অবনতি যে বা যারাই ঘটাবে, তাদের বিরুদ্ধেই ‘জিরো টলারেন্স’ নীতি প্রয়োগ করা হবে।
উল্লেখ্য গত বৃহস্পতিবার রাতে উপজেলার গোলকনগর গ্রামে ভিজিএফ কার্ডের ভাগাভাগি নিয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি সায়েম আলী ও যুবদল নেতা শামীম লস্করের মাঝে বাগবিতণ্ডা হয়। পরে তাদের সমর্থকরা অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হন।