হোম > সারা দেশ > খুলনা

সাংবাদিকের ওপর হামলা, শার্শা থানায় জিডি

সংবাদ সংগ্রহে গিয়ে

বেনাপোল প্রতিনিধি

ছবি: আমার দেশ

যশোরের শার্শায় সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে যশোর বার্তা পত্রিকার শার্শা উপজেলা প্রতিনিধি আতিকুজ্জামান রিমুর ওপর হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এক ব্যক্তির হামলায় তিনি আহত হয়েছেন। এ ঘটনায় শুক্রবার শার্শা থানায় একটি জিডি করা হয়েছে।

ভুক্তভোগী সাংবাদিক আতিকুজ্জামান রিমু জানান, বৃহস্পতিবার ২৫ জুন বিকেলে পত্রিকার দায়িত্ব পালন করতে তিনি শার্শা এলাকায় সংবাদ সংগ্রহে যান। নির্ধারিত সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে শার্শা সাব-রেজিস্ট্রি অফিসের সামনে আগে থেকে ওত পেতে থাকা কথিত মাদক কারবারি আরিকুল ইসলাম তার গতিরোধ করেন। কোনো ধরনের উসকানি ছাড়াই তিনি রিমুর ওপর এলোপাতাড়ি কিল-ঘুষি, লাথি ও শারীরিক নির্যাতন চালান।

হামলায় আহত রিমু মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। পরে তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, যেখানে তিনি চিকিৎসা নেন।

এ ঘটনায় আতিকুজ্জামান রিমু হামলাকারী আরিকুল ইসলামের বিরুদ্ধে শার্শা থানায় একটি জিডি করেছেন। অভিযুক্ত আরিকুল ইসলাম শার্শা উপজেলার চটকাপোতা গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রের দাবি, তার বিরুদ্ধে মাদক সংক্রান্তসহ একাধিক মামলা রয়েছে।

ঘটনার পর স্থানীয় সাংবাদিক সমাজ, মানবাধিকারকর্মী, রাজনৈতিক বিশ্লেষক এবং সচেতন নাগরিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে হামলাকারীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে শার্শা থানার ওসি মারুফ হোসেন বলেন, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে আরিকুল ইসলাম এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তাকে নিয়ে বিভিন্ন সময় স্থানীয় ও আঞ্চলিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। এসব সংবাদ প্রকাশের পর থেকেই স্থানীয় সংবাদকর্মীদের প্রতি তিনি ক্ষুব্ধ ছিলেন। ধারণা করা হচ্ছে, সেই ক্ষোভ থেকেই পরিকল্পিতভাবে সাংবাদিক আতিকুজ্জামান রিমুর ওপর এ হামলা চালানো হয়েছে।

সাংবাদিক নেতারা বলেছেন, গণমাধ্যমকর্মীদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তারা দ্রুত হামলাকারীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

মেহেরপুর সীমান্ত দিয়ে তিনজনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

সুন্দরবনে কোস্টগার্ড-বনদস্যু বন্দুকযুদ্ধে নিহত ১, গুলিবিদ্ধ ১

বিএনপি সরকার ব্যর্থ হতে আসেনি: নিতাই রায়

১৮ বছরে দেশের সাংবিধানিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে

দুটি সেতুর অভাবে দুর্বিষহ জীবন দৌলতপুর চরবাসীর

মেহেরপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

গ্রামের স্কুল থেকে শহরে আসা শিক্ষকদের ফিরে যেতে হবে: শিক্ষামন্ত্রী

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বজ্রপাতে যুবকের মৃত্যু

ঝিনাইদহে মুকুল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

লোহাগড়ায় বিরিয়ানির প্রলোভন দেখিয়ে জয় বাংলা, গ্রেপ্তার ২