সাতক্ষীরার তালায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাসিম ফকির (৩২) নামে মোটরসাইকেল চালক নিহত এবং মেহেদী (২৫) নামে অপর এক আরোহী আহত হয়েছেন।
মঙ্গলবার ভোর ৬টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের তালা উপজেলার তেতুলিয়া জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাসিম ফকির উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের হাফিজুল ফকিরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে খামারের জন্য মাছ আনতে যাওয়ার পথে তেতুলিয়া পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, সংঘর্ষের পর মোটরসাইকেলটি পিকআপ ভ্যানের নিচে আটকে যায়। ঘটনাস্থলেই তিনি নিহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। আহত মেহেদীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমই