এক কোটি টাকা মুক্তিপণের দাবিতে যশোরে এক ওষুধ ব্যবসায়ীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। সোমবার (২ মার্চ) রাত পৌনে ১০টার সময় তাকে অপহরণ করা হয়। অপহৃত জাহাঙ্গীর আলম (৪৮) শৈলকুপার সাতগাছি গ্রামের প্রয়াত শিক্ষক লুৎফর রহমানের ছেলে।
ঘটনার ব্যাপারে জাহাঙ্গীর আলমের স্ত্রী রেশমা খাতুন যশোর কোতোয়ালি থানায় মঙ্গলবার একটি অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়, জাহাঙ্গীর সোমবার (২ মার্চ) রাতে দোকান বন্ধ করে তার ব্যবহৃত মোটরসাইকেলে করে যশোর শহরতলীর খোলাডাঙ্গা কদমতলার বাসায় ফিরছিলেন। চাঁচড়া রায়পাড়া পীরবাড়ি মোড়ে একটি কার নিয়ে কয়েক ব্যক্তি গতিরোধ করে তাকে অপহরণ করে নিয়ে যায়। অপহৃত জাহাঙ্গীর আলম যশোর শহরের ধর্মতলা এলাকায় বসবাস করেন।
তার স্ত্রীর অভিযোগ, অপহরণের পর রাত ১০টার দিকে জাহাঙ্গীর আলমের ফোন নম্বর থেকে রাত তার (স্ত্রীর) ফোনে কল করে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে জাহাঙ্গীরকে খুন করা হবে বলেও হুমকি দেয় অপহরণকারীরা।
এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, 'আমরা অভিযোগ পেয়েছি। অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারের চেষ্টা চলছে।