বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নে পৃথক দুটি ঘটনায় আওয়ামী লীগ নেতার ব্যবসাপ্রতিষ্ঠান ও বিএনপির একটি ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে দুর্বৃত্তরা এসব ঘটনা ঘটায়। এতে যেমন আওয়ামী লীগ নেতার ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, অন্যদিকে বিএনপির কার্যালয়ে আগুন লাগার পরপরই তা নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে কার্যালয়টি।
স্থানীয় সূত্রে জানা যায়, খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফকির ফহম উদ্দিনের ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তাঁর স্বজনরা।
অপরদিকে, একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত বিএনপির কার্যালয়েও রাতের অন্ধকারে আগুন দেওয়া হয়। তবে আগুনের সূত্রপাত হওয়ার পরপরই স্থানীয়রা তা নিভিয়ে ফেলতে সক্ষম হন। ফলে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়।
এ ঘটনায় খানপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। কে বা কারা রাতের অন্ধকারে দলীয় কার্যালয়ে আগুন দিয়েছে, তা এখনো জানা যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
একই রাতে পৃথক দুটি স্থানে অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে বাগেরহাট সদর থানার ওসি শামসুল আরেফিন বলেন, ‘বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। এ ঘটনায় তদন্ত চলছে।’
এমএইচ