চুয়াডাঙ্গায় মাদক মামলায় ফারুক হোসেন (৩০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার দুপুরে চুয়াডাঙ্গার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক শম্পা বসু আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত ফারুক হোসেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঝাঝাডাঙ্গা গ্রামের উত্তরপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে।
মামলার বিবরণী সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৫ অক্টোবর চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা পৌর এলাকার কোর্ট মোড়সংলগ্ন বাংলা মেডিকেলের সামনে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় ফারুক হোসেনের দেহ তল্লাশি করে তার কাঁধে ঝোলানো কালো কাপড়ের তৈরি স্কুল ব্যাগ থেকে ৭২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এসআই আশরাফুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা ইব্রাহিম আলী ২০১৯ সালের ৫ মার্চ ফারুক হোসেনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।
আদালত রায়ে উল্লেখ করেন, রাষ্ট্রপক্ষের সাক্ষ্যপ্রমাণ ও মামলার নথিপত্র পর্যালোচনায় আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে।
এমই