হোম > সারা দেশ > খুলনা

খুবি শিক্ষার্থী নিহতের ঘটনায় গভীর রাতে মানববন্ধন

প্রতিনিধি, খুবি

ছবি: আমার দেশ

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আইন ডিসিপ্লিনের ২১ ব্যাচের শিক্ষার্থী মৌমিতা হালদারের মৃত্যুর প্রতিবাদে মধ্যরাতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (৩০ মার্চ) রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে আইন ডিসিপ্লিনসহ বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় তারা নিরাপদ সড়কের দাবিতে স্লোগান দেন এবং দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

মানববন্ধনে অংশ নেওয়া ইংরেজি ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রেজওয়ানুল হক রাদ বলেন, ‘একটির পর একটি সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরছে, কিন্তু কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমরা আমাদের সহপাঠীর এমন মর্মান্তিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছি না। অবিলম্বে দায়ীদের গ্রেপ্তারে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

ইলেক্ট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের শিক্ষার্থী সাফায়েত ইসলাম শুভ বলেন, ‘আমরা প্রতিদিন ভয় নিয়ে সড়কে চলাচল করি। মৌমিতা আপুর মৃত্যু শুধু একটি দুর্ঘটনা নয়, এটি আমাদের সড়ক ব্যবস্থার ব্যর্থতার প্রতিচ্ছবি। দোষীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’

নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের শিক্ষার্থী মাহবুবুর রহমান আকাশ বলেন, ‘আজ মৌমিতা আপু, কাল হয়তো আমরা—এই ভয় নিয়েই প্রতিদিন রাস্তায় বের হতে হয়। আমরা আর কোনো সহপাঠীকে এভাবে হারাতে চাই না। সড়কে বেপরোয়া যান চলাচল বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

মানববন্ধন থেকে খুলনা সিটি করপোরেশনের কমিশনার বরাবর দুই দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো—

১. আগামী ২৪ ঘণ্টার মধ্যে দুর্ঘটনার সঙ্গে সম্পৃক্ত সকলকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের জবাবদিহিতা ও শাস্তির আওতায় আনতে হবে।

২. খুলনা নগরীতে লাইসেন্সবিহীন ও ফিটনেসবিহীন যানবাহনের চলাচল বন্ধ করতে হবে।

এছাড়া, এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে আগামীকাল (৩১ মার্চ) দুপুর ১টায় পুনরায় মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেন শিক্ষার্থীরা।

উল্লেখ্য, সোমবার সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটে খুলনা মহানগরীর জেলা পরিষদ ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। মৌমিতা হালদার তার পিতার সঙ্গে রিকশাযোগে ডাকবাংলা মোড় থেকে বাসায় ফিরছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেট কার রিকশাটিকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।

পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। শিক্ষার্থীরা জানান, তাদের দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

ফেসবু‌কে পোস্ট: জেলা প্রশাসকের থানায় জি‌ডি

বসতঘরে জ্বালানি তেল মজুত, একজনের কারাদণ্ড

সড়ক দুর্ঘটনায় খুবির আইন বিভাগের শিক্ষার্থীর মৃত্যু

কুষ্টিয়ায় হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন

রূপসায় পাম্পে পর্যাপ্ত তেল সরবরাহ না থাকায় চরম ভোগান্তি

১৪ পদের সব কটিতে বিএনপিপন্থিদের জয়

মোংলায় সাড়ে ১২ হাজার লিটার ডিজেল জব্দ

ফিলিং স্টেশনে বাইকারদের সঙ্গে দুর্ব্যবহার, এএসআই ক্লোজড

‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা

চুয়াডাঙ্গায় নারীর সহযোগিতায় সংঘবদ্ধভাবে নারী নির্যাতন, গ্রেপ্তার ৬