হোম > সারা দেশ > খুলনা

গরুর পচা গোশত বিক্রি, দুই বিক্রেতাকে কারাদণ্ড

উপজেলা প্রতিনিধি, রামপাল (বাগেরহাট)

বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা বাজারে পচা গরুর গোশত বিক্রির অভিযোগে দুই বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার সকালে রামপাল উপজেলার ফয়লা বাজারে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ দেন রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী। অভিযানের সময় উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডা. অভিজিৎ কুমার।

দণ্ডপ্রাপ্তরা হলেন হারুনর রশিদ (৪৫), তিনি রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত সাহেব আলী শেখের ছেলে এবং ইয়ামিন হাওলাদার (৩০), তিনি বাগেরহাট সদর উপজেলার খানপুর এলাকার আবু সাইদ হাওলাদারের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ফয়লা বাজারে পচা গরুর গোশত বিক্রির অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। ভেটেরিনারি সার্জনের প্রসিকিউশনের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অভিযুক্ত দুই বিক্রেতাকে প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী জানান, অভিযানে পচা ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর গোশত বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে জব্দ করা পচা গোশত মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়।

এদিকে স্থানীয়দের অভিযোগ, হারুনর রশিদ দীর্ঘদিন ধরে গরুর গোশত ব্যবসার আড়ালে মৃত গরুর গোশত ও পচা গোশত বিক্রি করে আসছিলেন। এ ঘটনার পর তার গোশত বিক্রির লাইসেন্স বাতিলের দাবিও জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয়রা ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় বাজারে নিয়মিত নজরদারি ও এ ধরনের অভিযানের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, অবৈধ জেলেদের আস্তানা গুঁড়িয়ে দিল বন বিভাগ

মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা

কুষ্টিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে যুবককে গণধোলাই

৯ ঘণ্টা পর খুলনার সঙ্গে ট্রেন যোগাযোগ স্বাভাবিক

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর লাশ সাতক্ষীরায়

বাগেরহাটে সড়ক এখন মরণফাঁদ, বাড়ছে ভোগান্তি

কালীগঞ্জে পরিত্যক্ত ভবনে ঝুঁকি নিয়ে ব্যবসা

যশোরে ‘সচ্ছল’ ৬২ নারীর হাতে ফ্যামিলি কার্ড

মালবাহী ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে যোগাযোগ বন্ধ

শ্যামনগরে বজ্রপাতে মৎস্য ঘেরের শ্রমিকের মৃত্যু