খুলনার কয়রা উপজেলার সুন্দরবন সংলগ্ন এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের সঙ্গে বনদস্যু চক্র ‘দুলাভাই বাহিনী’র সদস্যদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাকাত সরদার (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং আরও দুইজন আহত হয়েছেন।
অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং পলাতক সদস্যদের গ্রেপ্তারে সুন্দরবনের অভ্যন্তরে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে।
কয়রা থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম শনিবার দুপুরে জানান, কোস্ট গার্ডের সঙ্গে সংঘর্ষে ডাকাত দলের তিন সদস্য আহত হন। এর মধ্যে গুলিবিদ্ধ হয়ে সাকাত সরদার মারা যান। তার লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, গুলিবিদ্ধ রবিউল ইসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রিজন সেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া ইসমাইল বিশ্বাস নামে আরো একজন আহত ব্যক্তি কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, শুক্রবার রাতে সুন্দরবনের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে প্রথমে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাকাত সরদারকে মৃত ঘোষণা করেন। পরে আহত রবিউল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বৃহস্পতিবার কয়রা থানার বনপাড়া সংলগ্ন সুন্দরবনের গভীরে কোস্ট গার্ড একটি বিশেষ অভিযান চালায়।
এমই