খুলনার উপকূলীয় এলাকার ২৬ এতিম শিশুর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সাহায্য সংস্থা ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ। সংস্থাটি শুধু খাদ্য সামগ্রী নয়, বরং এতিম শিশুদের জন্য শিক্ষা উপকরণ, টিউশন ফি, চিকিৎসা সহায়তা, পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করে আসছে। প্রতিটি শিশু ৫ থেকে ১৮ বছর পর্যন্ত এমন খাদ্যসামগ্রীসহ নানান সুযোগ সুবিধা পাবে।
মঙ্গলবার দুপুরে খুলনার আল ফারুক সোসাইটির সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক তৌফিকুর রহমান। তিনি বলেন, এতিম শিশুদের পাশে দাঁড়ানো মহৎ কাজ, যা সমাজে মানবিক মূল্যবোধকে সমুন্নত করে। তিনি বলেন, সাফল্যের মূলে রয়েছে কঠোর পরিশ্রম। আমি বিশ্বাস করি খারাপ ছাত্র বলে কিছু নেই। সঠিক পরিকল্পনা অনুসারে কঠোর পরিশ্রম করলে ফলাফল ভালো হবেই। তিনি বলেন, সম্পদ চুরি করা যায়। কিন্তু মেধা ও জ্ঞান চুরি করা যায় না। কাজ জানা থাকলে স্বাবলম্বী হওয়া কেউ ঠেকাতে পারবে না।
মুসলিম এইড অস্ট্রেলিয়ার খুলনা প্রতিনিধি এস এ মুকুলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ দিদারুল আলম। উপস্থিত ছিলেন কয়রা পাইকগাছা উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক রায়হান কবির, যশোর এরিয়া প্রতিনিধি নাজমুল হোসেন, ঢাকার প্রতিনিধি রাকিবুল হক, হেলাল উদ্দীন, হায়দার আলী নিরু, আফসান মুহাম্মদ প্রমুখ।
উল্লেখ্য, উপকূলীয় অঞ্চলে বেড়িবাঁধ ভাঙন, জলোচ্ছ্বাস এবং প্রাকৃতিক দুর্যোগের সময় জরুরি খাদ্য সহায়তা নিয়ে ইম্প্যাক্ট ইনিশিয়েটিভ মুসলিম এইড অস্ট্রেলিয়ার মা এর সহযোগিতায় আর্থিক সহায়তা নিয়ে অসহায় মানুষের পাশে থেকে মানবিক কল্যাণ কাজ করছে। বানভাসিদের গৃহ নির্মাণ, অসহায় এতিম শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী, কোরবানি প্রোগ্রাম, রমজান ফুড প্রোগ্রাম, আরফান এইড প্রোগ্রাম, জরুরি ত্রাণ, সুপেয় পানি সরবরাহ সহায়তা সহ নানান সামাজিক কাজের জন্য প্রচুর অর্থ সহায়তা প্রদান করে চলেছে।