বিএনপির উদ্দেশে মিয়া গোলাম পরওয়ার
১২ মার্চ জাতীয় সংসদের সাধারণ পরিষদ অধিবেশনের শুরুতেই বিএনপির সংসদ সদ্যদের ‘সংবিধান সংস্কার পরিষদের’ সদস্য হিসেবে শপথ নেওয়ার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
জুলাই সনদ পরিপূর্ণভাবে বাস্তবায়নের জন্য নির্বাচিত এমপিদের দুটি শপথ গ্রহণ বাধ্যতামূলক ছিল দাবি করে তিনি বলেন, জামায়াতে ইসলামি ও অন্যান্য দলগুলো দুটি শপথ নিলেও জুলাই অভ্যুত্থানের বেনিফিশিয়ারী দলটি শপথ নেয়নি। সংসদে জামায়াত দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করবে বলে জানান দলটির সেক্রেটারি জেনারেল।
সোমবার খুলনায় জেলা জামায়াতে ইসলামি আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতা দিতে গিয়ে তিনি প্রশ্ন রাখেন, সহস্রাধিক মানুষের আত্মত্যাগ ও ১৮ কোটি মানুষের আকাঙ্ক্ষায় যে জুলাই সনদ স্বাক্ষর হলো, আপনারা তা ভুলে গিয়ে কি কর্তৃত্ববাদী সরকারের পথে হাঁটছেন? কর্তৃত্ববাদী সরকারের পরিণতি কি হয় তা জুলাই অভ্যুত্থানে আপনারা দেখেছেন।
এবারের নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে জনগণের মধ্যে জোয়ার সৃষ্টি হয়েছিল দাবি করে মিয়া গোলাম পরওয়ার বলেন, চাকরিজীবী মানুষজন বাসে ট্রেনে লঞ্চে ঈদের ছুটির মতো দাঁড়িপাল্লার পক্ষে শ্লোগান দিতে দিতে বাড়ি ফিরেছে। মানুষের এই বৈপ্লবিক শক্তিই জামায়াতে ইসলামির পুঁজি। তিনি বলেন, যারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছিলেন তারাই এক সময় তা প্রকাশ করে দেন। সাবেক সরকারের একজন উপদেষ্টা বলেছেন, আমার তাদেরকে মেইনস্ট্রিম হতে দেইনি। আমার এ কথার প্রতিবাদ করেছি এবং জুডিশিয়াল ইনকোয়ারি দাবি করেছি।
গোলাম পরওয়ার বলেন, নির্বাচনে ভোট গ্রহণে অনিয়ম হয়নি। কিন্তু ভোটের পরে ব্যালট বাছাই, ভোট গণনা, বান্ডিল বান্ধা ও ফলাফল ঘোষণায় দফায় দফায় ইঞ্জিনিয়ারিং করে জামায়াতে ইসলামিকে হারিয়ে দেওয়া হয়েছে। রাতে সাড়ে ৯টা ১০ টা পর্যন্ত সারা দেশ থেকে আসা ফলাফলে ১১ দলীয় জোট প্রার্থীরা এগিয়ে ছিল। হঠাৎ করে ফলাফল ঘোষণা বন্ধ করে দেওয়া হলো কেন- প্রশ্ন রাখেন তিনি। অনিয়মের বিরুদ্ধে জামায়াতে ইসলামির পক্ষে ট্রাইব্যুনালে রিট করা হবে বলেও জানান তিনি।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি মুন্সী মিজানুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাস্টার শফিকুল আলম।