সাতক্ষীরা সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি বর্ষণ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সদস্যরা। রোববার ভোর রাতে সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে এই ঘটনা ঘটে। তবে বর্তমানে সীমান্তের পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
সাতক্ষীরা-৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, ভোররাত সাড়ে চারটার দিকে তলুইগাছা বিওপির একটি রাত্রিকালীন টহল দল সীমান্তে দায়িত্ব পালন করছিল। এসময় সীমান্তের মেইন পিলার ১৩ সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে কিছু লোকের সন্দেহজনক কথাবার্তার শব্দ পাওয়া যায়। টহল দলটি সঙ্গে সঙ্গে সতর্ক অবস্থান নেয় এবং শূন্য রেখা (জিরো লাইন) থেকে বাংলাদেশের আনুমানিক ৫০ গজ অভ্যন্তরে চারাবাড়ি নামক স্থানে দুই অজ্ঞাতনামা চোরাকারবারিকে দেখতে পায়।
তিনি জানান, বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত স্থান পরিবর্তনের চেষ্টা করে। এসময় টহল দল তাদের থামতে, পরিচয় দিতে এবং আত্মসমর্পণ করার জন্য একাধিকবার নির্দেশ দেয়। বিজিবির নির্দেশ অমান্য করে তারা দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি তাদের ধাওয়া করে। এক পর্যায়ে নিরাপত্তার কথা বিবেচনা করে এবং তাদের গতিরোধের উদ্দেশ্যে চোরাকারবারিদের লক্ষ্য গুলিবর্ষণ করেন বিজিবির সদস্যরা। ফলে চোরাকারবারিদের বড় কোনো চোরাচালান পরিকল্পনা ব্যর্থ হয় বলে জানিয়েছেন অধিনায়ক।
বিজিবির গুলির মুখে চোরাকারবারিরা রাতের অন্ধকারের সুযোগ নিয়ে সীমান্তবর্তী ঝোপঝাড়ের মধ্য দিয়ে ভারতে পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনার পরপরই বিজিবি টহল দল ওই এলাকা এবং আশপাশে ব্যাপক তল্লাশি অভিযান পরিচালনা করেছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্র জানিয়েছে, ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় চোরাচালান ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। তলুইগাছাসহ পার্শ্ববর্তী সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি বিজিবির নিয়মিত টহল জোরদার করা হয়েছে।