চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে আরিফুল ইসলাম (৩১) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ৩টায় প্ল্যাটফর্মের পশ্চিম প্রান্তে চিলাহাটিগামী রুপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত আরিফুল ইসলামের বিস্তারিত পরিচয় পাওয়া গেছে। তিনি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার নীলের কুটি গ্রামের বাসিন্দা। তার বাবার নাম খয়বর আলী।
জানা যায়, নিহত ব্যক্তি গত কয়েক দিন ধরেই উথলী রেলস্টেশন ও এর আশপাশ এলাকায় ঘোরাঘুরি করছিলেন। স্থানীয়দের ধারণা, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। সোমবার দুপুরে তিনি রেললাইনের ওপর দাঁড়িয়ে ছিলেন।
খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী রুপসা এক্সপ্রেস ট্রেনটি প্ল্যাটফর্ম অতিক্রম করার সময় তিনি ট্রেনের নিচে পড়ে যান। দুর্ঘটনায় তার শরীরের একাধিক অঙ্গ বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে দর্শনা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই রফিকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। এসআই রফিক জানান, ময়নাতদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে।
উথলী রেলস্টেশনের স্টেশন মাস্টার আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনার পরপরই আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি। চিলাহাটিগামী রুপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েই এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঘটেছে।’
এমএইচ