কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে এক বিজিবি সদস্যের নামাজের ভিডিও ভাইরাল হয়েছে। গণমাধ্যমে ৫৫ সেকেন্ডের ওই ভিডিও প্রকাশের পর থেকে প্রশংসায় ভাসছেন ল্যান্স নায়েক মতিন।
শুক্রবার বিকেলে চর বিলগাথুয়া সীমান্তে বিজিবির একটি গাড়ীর সামনে আসরের নামাজ পড়তে দেখা যায় ওই সদস্যকে। নামাজরত ল্যান্স নায়েক মতিনের পরিচয় আমার দেশকে নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি।
বিজিবি সূত্র জানায়, শুক্রবার দৌলতপুর সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ, তবে তাদের প্রতিহত করেছে বিজিবি সদস্যরা। সীমান্তে এই উত্তেজনার মাঝে আসরের সময় গাড়ীর পাশে নামাজ আদায় করেন ল্যান্স নায়েক মতিন।
উল্লেখ্য, আজ শুক্রবার (১২ জুন) ভোরে প্রাগপুর সীমান্তের ১৪৮/৩ এস সীমান্ত পিলার এলাকা দিয়ে বিএসএফ ওই ১২ জনকে বাংলাদেশে ঠেলে পাঠায়। ওই ব্যক্তিদের মধ্যে চারজন পুরুষ, চারজন নারী এবং চারজন শিশু রয়েছে। তারা যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে জন্য স্থানীয়দের সহযোগীতায় সীমান্ত এলাকায় কঠোর নজরদারি জোরদার করেছে বিজিবি। বর্তমানে ওই ১২ জন ভারতীয় সীমান্তের কাঁটাতারের বাইরের অংশে অবস্থান করছে। স্থানীয় জনগণ ও বিজিবি যৌথভাবে তাদের প্রবেশের চেষ্টা প্রতিহত করেছে। বিজিবির পতাকা বৈঠকের আহ্বানে সাড়া দেয়নি বিএসএফ।