সাতক্ষীরা সদর হাসপাতালের প্যাথলজি বিভাগের কক্ষের দরজা বন্ধ করে এক রোগীকে ধর্ষণের অভিযোগে প্যাথলজি বিভাগের আউটসোর্সিং কর্মী মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাহমুদুল হাসান (২৪) সাতক্ষীরা শহরের দক্ষিণ কাটিয়া ঢালীপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে।
থানা সূত্রে জানা যায়, সোমবার সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নিতে যান এক গৃহবধূ। টিকিট কেটে চিকিৎসক দেখানোর পর চিকিৎসক তাঁকে কয়েকটি পরীক্ষা করানোর পরামর্শ দেন। এরপর দুপুর ১২টার পর ওই নারী প্যাথলজি বিভাগে গেলে তাকে জানানো হয় যে ওই দিন আর পরীক্ষা হবে না।
পরবর্তী সময়ে প্যাথলজিতে থাকা আউটসোর্সিং কর্মী মাহমুদুল হাসান পরীক্ষার ব্যবস্থা করে দেবেন বলে ওই নারীকে আশ্বস্ত করেন।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, মাহমুদুল হাসান ওই নারীকে প্রস্রাবের নমুনা নিয়ে আসার কথা বলেন। নমুনা নিয়ে যাওয়ার পর মাহমুদুল প্যাথলজির কক্ষের দরজা বন্ধ করে দেন এবং জোরপূর্বক তাকে ধর্ষণ করেন। ওই নারী বাড়িতে গিয়ে তার স্বামীকে ঘটনাটি জানালে মঙ্গলবার দুপুরে তিনি স্বামীকে সঙ্গে নিয়ে থানায় মামলা করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ওই নারী চিকিৎসকের পরামর্শে কয়েকটি পরীক্ষা করাতে হাসপাতালে গিয়েছিলেন। প্রথমে আলট্রাসনোগ্রাম কক্ষে গেলে তাকে পরদিন আসতে বলা হয়। পরে প্যাথলজি বিভাগেও একই কথা জানানো হয়। দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ি ফেরার সময় অভিযুক্ত কর্মী তাকে পরীক্ষা করিয়ে দেওয়ার কথা বলে ডাকেন এবং প্রস্রাবের নমুনা আনতে বলেন। নমুনা নিয়ে গেলে তাকে প্যাথলজি বিভাগের ভেতরের একটি কক্ষে যেতে বলা হয়।
ওসির ভাষ্য অনুযায়ী, ওই নারী কক্ষে প্রবেশ করার পর অভিযুক্ত ব্যক্তি দরজা বন্ধ করে দেন। পরে তার চুল টেনে ধরে ভয়ভীতি দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। এ ঘটনা কাউকে না জানানোর জন্যও তাকে ভয় দেখানো হয়। পুলিশ মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করে।
সাতক্ষীরার সিভিল সার্জন মো. আব্দুস সালাম বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা আগে অবগত ছিলাম না। মঙ্গলবার দুপুরে জানতে পেরেছি। বিষয়টি নিয়ে পরবর্তী সময়ে আমরাও প্রশাসনিক ব্যবস্থা নেব।’
এমই