সাতক্ষীরার তালায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দাদা-নাতি নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৬টার দিকে খুলনা-পাইকগাছা সড়কে উপজেলার তেঁতুলিয়া জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোটরসাইকেলের চালক নাসিম ফকির (৩৬) ও আরোহী মেহেদী (১৮)। তারা উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম জানান, নাসিম ভোরে তার খামারের জন্য মাছ আনতে চুকনগরের উদ্দেশে রওনা হয়েছিলেন। মোটরসাইকেলে তার সঙ্গে আরোহী ছিলেন মেহেদী। পথে তেঁতুলিয়া এলাকায় ১৮ মাইলের দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলটি পিকআপের নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই নাসিমের মৃত্যু হয়।
তালা থানার ওসি মো. শহিদুল ইসলাম হাওলাদার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। মেহেদীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।
জেডএম