হোম > সারা দেশ > খুলনা

কুষ্টিয়া সীমান্তে পুশইনের চেষ্টা প্রতিহত বিজিবির

উপজেলা প্রতিনিধি, দৌলতপুর (কুষ্টিয়া)

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বাংলাদেশের সীমান্ত বাহিনী বিজিবি ও স্থানীয় জনসাধারণের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই ১২ জন সীমান্তের শূন্যরেখাসংলগ্ন ভারতীয় অংশে অবস্থান করছেন। গতকাল শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে দৌলতপুর উপজেলার চক বিলগাতুয়া-প্রাগপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিএসএফ নারী, পুরুষ ও শিশুসহ মোট ১২ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর উদ্দেশে বিলগাতুয়া সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা চালায়। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা দ্রুত প্রাগপুর বিওপি ক্যাম্পে খবর দেয়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে পুশইনের জন্য আনা ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখা থেকে ভারতের প্রায় ৫০ গজ অভ্যন্তরে অবস্থান নেয়। তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা নিজেদের বাংলাদেশি নাগরিক বলে দাবি করেছেন। ওই ব্যক্তিদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার উজির আলীর পরিবারের পাঁচ সদস্য, সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার রফিকুল গাজীর পরিবারের তিন সদস্য এবং খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার আফরোজা খাতুনের পরিবারের চার সদস্য রয়েছেন। বর্তমানে তারা বাংলাদেশের প্রাগপুর সীমান্তের বিপরীতে ভারতীয় অংশের শূন্যরেখা সংলগ্ন এলাকায় অবস্থান করছেন বলে জানা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি সদস্যরা এবং স্থানীয় জনসাধারণ সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান গ্রহণ করেছেন। এদিকে উদ্ভূত পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে প্রাগপুর বিওপির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের জন্য আনুষ্ঠানিকভাবে আহ্বান জানানো হয়েছে। তবে এ সংবাদ লেখা পর্যন্ত বিএসএফের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি বলে বিজিবি সূত্রে জানা গেছে।

বিজিবির একটি দায়িত্বশীল সূত্র জানায়, সীমান্তে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের ঘটনা প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। ঘটনার পর থেকে পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে। পুশইনের ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি সদস্যরা সতর্ক রয়েছেন।

সাতক্ষীরায় বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

খুলনা ও বরিশাল বিভাগের ৫ জেলায় পরিবহন ধর্মঘটের ঘোষণা

মোংলায় কোস্টগার্ডের ভাসমান স্টেশনে হামলা, গ্রেপ্তার ৬

সুন্দরবনে ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

সীমান্তে বিজিবি সদস্যের নামাজের ভিডিও ভাইরাল

কেডিএ চেয়ারম্যান হলেন মহানগর বিএনপি সভাপতি মনা

‘গ্রেনেড বাবুর’ বাড়িতে যৌথবাহিনীর অভিযান, ভাই আটক

শ্যামনগরে স্টার্টআপ বিজ্ঞান প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী

চুয়াডাঙ্গায় পুশইনের প্রতিবাদে জামায়াতের সমাবেশ

চিতলমারীতে উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানচর্চা স্টল পরিদর্শন এমপি মশিউরের