বাগেরহাটের খানজাহান আলী ফিলিং স্টেশনে হামলা ও ভাচুরের ঘটনায় দায়ের করা মামলায় স্থানীয় এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় রোববার রাত ৯টায় বাগেরহাট শহরের শহীদ মিনার এলাকা থেকে যুবদল নেতা সুমন পাইককে (৪০) গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, সুমন পাইক বাগেরহাট পৌর যুবদলের আহ্বায়ক। তার বাড়ি শহরের খারদ্বার এলাকায়।
ঈদের আগের দিন সন্ধ্যায় খানজাহান আলী ফিলিং স্টেশনে মোটরসাইকেলে তেল নেওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ঈদের দিন থেকে বাগেরহাট শহরের দুটি তেলের পাম্প বন্ধ আছে। সোমবার বিকেলে খানজাহান আলী ফিলিং স্টেশনে ‘অনির্দিষ্টকালের জন্য পাম্প বন্ধ’সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি টাঙিয়ে দেওয়া হয়।
হামলা ও ভাঙচুরের ঘটনায় পাম্পের মালিক মুর্শিদ কুলি খান বাদী হয়ে চারজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে বাগেরহাট সদর মডেল থানায় একটি মামলা করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, তেলের বাড়তি চাপ ও সংকটের কারণে প্রতিটি মোটরসাইকেলকে ২০০ টাকার তেল দেওয়া হয়। ২০ মার্চ সন্ধ্যা পৌনে ৬টার দিকে আসামিরা ফিলিং স্টেশনে ঢুকে বেশি টাকার তেল দাবি করেন। বেশি টাকার তেল দিতে না চাইলে সুমন পাইকের নির্দেশে আসামিরা মারধর ও ভাঙচুর চালান। এ সময় তারা তেল বিক্রির ৫ লাখ ৮০ হাজার টাকা লুট করে নেন।
বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, ফিলিং স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।