গ্যাস ও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের অভাবে দীর্ঘদিন ধরে শিল্পায়নে পিছিয়ে থাকা খুলনা অঞ্চলের উন্নয়নে বড় পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। আগামী ২০৩০ সালের মধ্যে পাইপলাইনের মাধ্যমে ভোলার গ্যাস খুলনায় আনার লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। পাশাপাশি এলএনজি টার্মিনাল স্থাপনের সম্ভাব্যতা যাচাই এবং জ্বালানির অভাবে বন্ধ ও অলস পড়ে থাকা বিদ্যুৎকেন্দ্রগুলো দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে খুলনা বিশ্ববিদ্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক জাতীয় প্রতিযোগিতা ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’-এর খুলনা বিভাগীয় পর্বের প্রদর্শনী ও মূল্যায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, একসময় খুলনা অঞ্চলের পাটকলগুলো বিশ্বজুড়ে এ বিভাগের পরিচিতি বাড়িয়েছিল এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। কিন্তু প্রতিযোগিতায় টিকে থাকতে না পারা এবং গ্যাস ও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের অভাবে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। খালিশপুর, দৌলতপুর ও মোংলায় শিল্পায়নের ব্যাপক সম্ভাবনা থাকলেও জ্বালানির অভাবে তা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না।
তিনি আরো বলেন, মোংলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। যশোরের অভয়নগরেও বড় অর্থনৈতিক অঞ্চল হচ্ছে। কিন্তু গ্যাস সরবরাহ নিশ্চিত করা না গেলে এসব উদ্যোগ কার্যকর হবে না। এ কারণে ভোলা থেকে পাইপলাইনে গ্যাস আনার পাশাপাশি এলএনজি টার্মিনাল স্থাপনের সম্ভাব্যতা যাচাই শুরু হয়েছে। এ উদ্যোগের অনুপ্রেরণা হিসেবে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ২০০৫ সালের ঘোষণার কথা উল্লেখ করে জানান, ওই সময় ২০০৭ সালের মধ্যে খুলনা বিভাগে গ্যাস সংযোগ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, রূপসার ৮৮০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রসহ খুলনায় প্রায় ১ হাজার ৪০০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার আরও দুটি বিদ্যুৎকেন্দ্র জ্বালানির অভাবে অলস পড়ে রয়েছে। এসব কেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া মোংলা, খালিশপুর, দৌলতপুর, যশোরের অভয়নগর ও ভৈরববাজারের বিদ্যুৎকেন্দ্রগুলো চালু করতে সরকার কাজ করছে।
শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পের প্রশংসা করে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, লবণসহিষ্ণু ধান উৎপাদন, বন্যার আগাম সতর্কবার্তা, রান্নাঘরের বর্জ্য ও বায়োমাস থেকে জ্বালানি তৈরি, মাছ চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং গবাদিপশুর রোগ শনাক্তকরণে শিক্ষার্থীদের উদ্যোগ বাস্তব সমস্যার সমাধান দিতে পারে। মানুষের জীবন বদলে দিতে সক্ষম এসব উদ্ভাবনের বাস্তব প্রয়োগ নিশ্চিত করতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম। এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা।