উঠে পড়ছে সড়কের পিচ
সদর উপজেলার নয়মাইল-ভুলটিয়া সড়ক নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, কাজের গাফিলতি এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলার কারণে সড়কটির স্থায়িত্ব নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ।
অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার বিকেলের দিকে ঘটনাস্থল পরিদর্শনে যান চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। পরিদর্শনকালে তিনি সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং কাজের মান নিয়ে সংশ্লিষ্টদের প্রতি অসন্তোষ প্রকাশ করেন। এ সময় এমপিকে কাছে পেয়ে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন।
এলাকা দীর্ঘদিনের ভোগান্তির কথা তুলে ধরে দ্রুত সড়কটি মানসম্মতভাবে নির্মাণের দাবি জানান। একই সঙ্গে উন্নয়নকাজে স্বচ্ছতা নিশ্চিত করে অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।
স্থানীয় বাসিন্দারা আরও বলেন, ‘হাত দিয়ে সামান্য টান দিলেই সড়কের পিচ উঠে পড়ছে।
তাদের অভিযোগ, সড়ক নির্মাণে নিম্নমানের ইট, বালু ও অন্যান্য উপকরণ ব্যবহার করা হচ্ছে। এতে করে অল্প সময়ের মধ্যেই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।’ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ কাজের ঠিকাদার সাইফুল ইসলাম পিন্টু বলেন, ‘নিয়ম মেনে কাজ করছি। তিন দিন সময় দিতে হবে। তখন কার্পেট উঠবে না।’
চুয়াডাঙ্গা সদর উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন বলেন, ‘আমি নির্মাণকাজ পরিদর্শন করেছি। যেসব জায়গায় সমস্যা ছিল, সেসব জায়গায় এখন আর কোনো সমস্যা নেই। তবে এসব কাজে ৭ দিন সময় দিতে হয়।’
এ বিষয়ে এমপি মাসুদ পারভেজ রাসেল সংশ্লিষ্টদের সতর্ক করে বলেন, ‘কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না। সড়ক নির্মাণে মান বজায় রাখতে কঠোর নজরদারি অব্যাহত থাকবে। প্রয়োজনে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
সচেতন মহলের মতে, টেকসই অবকাঠামো উন্নয়নে নির্মাণকাজে মান নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অন্যথায় সরকারি অর্থ ব্যয়ের সুফল থেকে বঞ্চিত হবে সাধারণ মানুষ। তাই দ্রুত নজরদারি জোরদার করে সড়কটির কাজ মানসম্মতভাবে সম্পন্ন করার দাবি জানিয়েছেন তারা।
এডি/এমএইচ/১৬/৮