হোম > সারা দেশ > খুলনা

চুয়াডাঙ্গায় বিষ প্রয়োগে পাখি হত্যার ঘটনায় বন বিভাগের মামলা

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় বিষ প্রয়োগ করে ২৯টি বন্য পাখি হত্যার অভিযোগে মামলা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বিকেলে এ মামলা করে বন বিভাগ। মৃত পাখির মধ্যে ২৪টি তিলা ঘুঘু, তিনটি চড়ুই ও দুটি কবুতর রয়েছে।

বন বিভাগের নথি অনুযায়ী, গত ১৫ আগস্ট রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উত্তরপাড়া গ্রামের একটি ফসলি জমিতে পাখি শিকারের উদ্দেশ্যে বীজে বিষ মিশিয়ে ছড়িয়ে দেওয়া হয়। ওই বিষ খেয়ে পাখিগুলো মারা যায় বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনাটি উদঘাটন করেন কুষ্টিয়া সামাজিক বন বিভাগের দামুড়হুদা এসএফপিপির আওতাধীন এলাকার ফরেস্টার সুরেশ চন্দ্র মিস্ত্রী ও সংশ্লিষ্ট কর্মীরা।

পরে ১৬ আগস্ট সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দামুড়হুদার সহকারী কমিশনার (ভূমি) মো. শাহিন আলমের নেতৃত্বে ঘটনাস্থলে অভিযান চালানো হয়।

অভিযোগপত্রে বলা হয়েছে, অভিযানের সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আতিয়ার রহমান (৫৫) ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে সেখানে তার ছেলে মো. রাজনকে পাওয়া যায়। উপস্থিত ম্যাজিস্ট্রেটের সামনে রাজন ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।

নথিতে উল্লেখ করা হয়েছে, রাজন ও তার বাবা আতিয়ার রহমান পাখি নিধনের কাজে সহযোগিতা করেছেন বলে স্বীকার করেন। পরে রাজনকে ভ্রাম্যমাণ আদালতে ৫০০ টাকা জরিমানা করা হয়।

ঘটনাস্থল থেকে বিষ প্রয়োগে ব্যবহৃত উপকরণ ও মৃত পাখি পাওয়া যায়। পরে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলের আলামত ও জব্দ তালিকা প্রস্তুত করেন এবং উপস্থিত সাক্ষীদের সই নেন।

নথিতে আরো উল্লেখ করা হয়েছে, বন্যপ্রাণী শিকার ও হত্যার অভিযোগে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ৩৮(১)/৪২ ধারাসহ প্রযোজ্য আইনে অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে মামলা করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বন বিভাগের হিসাবে নিহত পাখিগুলোর আনুমানিক আর্থিক মূল্য ৫ হাজার ২১০ টাকা এবং পরিবেশগত ক্ষতি ২ লাখ ৫ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

মামলার নথিতে ফরেস্টার সুরেশ চন্দ্র মিস্ত্রী, মো. শাহজামান রিপণ ও মো. মাসুদ রানাকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে।

দামুড়হুদা উপজেলা বন কর্মকর্তা সুরেশ চন্দ্র মিস্ত্রী বলেন, বিষ প্রয়োগ করে ২৯টি পাখি হত্যার ঘটনায় মামলা করেছে বন বিভাগ। ভবিষ্যতেও বন্য পাখি ও অন্যান্য বন্যপ্রাণী রক্ষায় বিষ প্রয়োগ ও অবৈধ শিকারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

বন বিভাগের কর্মকর্তারা জানান, বন্য পাখি ও অন্যান্য বন্যপ্রাণী রক্ষায় অবৈধ শিকার এবং বিষ প্রয়োগের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

দেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান

২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস

এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমিও কোনো জবাব চাই না: এমপি নুসরাত

মিথ্যা ঘোষণায় আনা ২৫ টন কেমিক্যাল আটক