হোম > সারা দেশ > খুলনা

গুলিতে নিহত জেলের লাশ নিয়ে বিক্ষোভ, বন অফিসে হামলায় আহত ৫

উপজেলা প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)

সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবনে গুলিতে নিহত জেলে আমিনুর রহমান গাজীর লাশ নিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এসময় বিক্ষুব্ধ জনতা বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জ অফিস ও বুড়িগোয়ালিনী স্টেশন অফিসে হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় অন্তত পাঁচ বনকর্মী আহত হয়েছেন।

সোমবার বিকেলে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী এলাকায় এ ঘটনা ঘটে।

আহত বনকর্মীরা হলেন তপন, মেজবাহ, ফারুক, এখলাছুর ও ফায়জুর। তাদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে নিহত জেলে আমিনুর রহমান গাজীর লাশ লোকালয়ে পৌঁছালে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে শত শত মানুষ লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জ অফিস ও বুড়িগোয়ালিনী স্টেশন অফিস ঘেরাও করে হামলা চালায়। এসময় তারা অফিসের বিভিন্ন কক্ষ, আসবাবপত্র ও সরঞ্জাম ভাঙচুর করে। কয়েকজন বনকর্মীকে খুঁজে বের করে মারধরের ঘটনাও ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত বনবিভাগের অফিসের সামনেই আমিনুরের লাশ রাখা ছিল।

ঘটনাস্থল পরিদর্শন করেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাজীব এবং শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান।

বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক বলেন,আমরা চরম নিরাপত্তাহীনতায় আছি। আমাদের পাঁচজন কর্মী আহত হয়েছেন। অফিস ও ভেতরের বিভিন্ন মালামাল ভাঙচুর করা হয়েছে।

তিনি আরো বলেন, মৃত্যুর ঘটনাটি সাতক্ষীরা রেঞ্জে নয়, খুলনা রেঞ্জ এলাকায় ঘটেছে।

উল্লেখ্য, সোমবার সকালে সুন্দরবনের খুলনা রেঞ্জের নলিয়ান স্টেশনের পাটকোস্টা হেলাবাসী অভয়ারণ্য এলাকায় বনবিভাগের সদস্যদের গুলিতে আমিনুর রহমান গাজী (৪৫) নিহত হন বলে অভিযোগ ওঠে। পরে দুপুর দেড়টার দিকে তার সহকর্মীরা লাশ নিয়ে লোকালয়ে ফিরলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এমই

মসজিদের কমিটি গঠন নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২২

সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদ থেকে বন্য শুকর উদ্ধার

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যর গণমিছিল

চিতলমারীতে পানিতে ডুবে শিশু নিহত

সাতক্ষীরায় ১৮ লাখ টাকার মাদক ও ভারতীয় পণ্য জব্দ, গ্রেপ্তার ১

কালিগঞ্জে রাফাত হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

মোংলায় বিএনপি নেতার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বাইসাইকেল কাণ্ডে বরখাস্ত হলেন কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির

টিকটকে কমেন্ট নিয়ে সংঘর্ষ, আহত ১০

বেপরোয়া গ‌তিতে মোটরসাইকেল, সড়কে যুব‌ক নিহত