হোম > সারা দেশ > খুলনা

আমার দেশ–এ সংবাদ প্রকাশের পর মোংলা নৌ পুলিশের ওসি বদলি

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

জাতীয় দৈনিক *আমার দেশ*-এ ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর অবশেষে বদলি করা হয়েছে বাগেরহাটের মোংলা নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) ইন্সপেক্টর এ এইচ এম লুৎফুল কবিরকে। তবে স্থানীয়দের প্রশ্ন— “শুধু বদলি করলেই হবে না, অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থাও নিতে হবে।”

গত ২৪ এপ্রিল ও ৪ মে প্রকাশিত প্রতিবেদনে মোংলার বিভিন্ন ঘাট, ব্যবসায়িক পয়েন্ট ও নদীপথে চাঁদাবাজির বিস্তৃত চিত্র তুলে ধরা হয়। প্রতিবেদনে অভিযোগ করা হয়, নৌ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার নাম ব্যবহার করে সংঘবদ্ধভাবে মাসিক চাঁদা আদায় করা হতো। পাশাপাশি সরকারি সম্পদের অপব্যবহার, তেল আত্মসাৎ এবং অবৈধ অর্থ লেনদেনের অডিও–ভিডিও প্রমাণ থাকার দাবিও উঠে আসে।

প্রতিবেদনে মাদ্রাসা রোড, রকেট ঘাট, কুমারখালী, জেটি ঘাট ও মামার ঘাটসহ বিভিন্ন এলাকায় ব্যবসায়ী, মাঝি ও নৌযান মালিকদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায়ের তথ্য প্রকাশিত হয়। অভিযোগ ছিল, নির্ধারিত টাকা দিতে অস্বীকৃতি জানালে ভয়ভীতি ও প্রশাসনিক হয়রানির শিকার হতে হতো সংশ্লিষ্টদের।

সংবাদ প্রকাশের পর স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে বিষয়টি তদন্তাধীন বলে জানায় জেলা পুলিশ ও নৌ পুলিশ কর্তৃপক্ষ। তবে দীর্ঘ সময় দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় তদন্তের গতি নিয়েও প্রশ্ন ওঠে স্থানীয়দের মধ্যে।

সবশেষে ওসি এ এইচ এম লুৎফুল কবিরকে বদলি করা হলেও স্থানীয় সচেতন মহল বলছে, “এটি কোনো সমাধান নয়।” তাদের দাবি, অভিযোগ যদি সত্য হয়ে থাকে, তাহলে শুধুমাত্র বদলি নয়— সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি আইনে কঠোর ব্যবস্থা নিতে হবে।

স্থানীয় ব্যবসায়ী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন, “গণমাধ্যমে একের পর এক অভিযোগ, অডিও ফাঁস ও তদন্তের আলোচনার পর শুধু বদলি করলে জনগণের কাছে ভুল বার্তা যাবে। এতে দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতিও প্রশ্নবিদ্ধ হবে।”

তারা আরও বলেন, “একজন কর্মকর্তাকে অন্যত্র বদলি করা মানে দায় এড়িয়ে যাওয়া নয়। প্রকৃত তদন্তের মাধ্যমে যদি অপরাধের প্রমাণ পাওয়া যায়, তাহলে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

স্থানীয়দের মতে, মোংলার ঘাট ও নদীপথ ঘিরে দীর্ঘদিন ধরে চলে আসা চাঁদাবাজি সিন্ডিকেট ভাঙতে হলে শুধু প্রশাসনিক রদবদল নয়, প্রয়োজন কঠোর আইনগত ব্যবস্থা, স্বচ্ছ তদন্ত এবং নিয়মিত নজরদারি।

সাতক্ষীরায় গাছ থেকে পড়ে ইউপি সদস্যের মৃত্যু

রামপালে রেলক্রসিংয়ে ট্রেন-প্রাইভেট কার সংঘর্ষ, আহত ৩

আইলার ১৭ বছরেও ঘুরে দাঁড়াতে পারেনি সাতক্ষীরার উপকূলবাসী

রামপালে ইয়াবাসহ ৮ যুবক আটক

ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতার জামিন

ভেড়ামারায় ভিত্তিপ্রস্তর স্থাপনের ৪৬ বছর পর পাংশায় হচ্ছে পদ্মা ব্যারাজ

মোংলায় চাঁদা না দেওয়ায় হামলা, নারীসহ আহত একাধিক

এনসিপির দুই নেতাকে কারাগারে প্রেরণ

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে পথচারী নারী গুলিবিদ্ধ

মেহেরপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড