জুলাই-আগস্ট ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ হওয়া তিন বীর সন্তানকে স্মরণ করে শ্রদ্ধা জানিয়েছে মাদারীপুর রাজৈর উপজেলা প্রশাসন। মঙ্গলবার সকালে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদদের গ্রামের বাড়িতে গিয়ে তাদের কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল হক ও রাজৈর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদ খান।
সকালে প্রথমে তারা যান পূর্ব দ্বারাদিয়া গ্রামে শহীদ শাওন মুফতির কবরস্থানে। সেখান থেকে শাখারপাড় গ্রামে শহীদ মনিরুজ্জামান মোল্লার এবং সর্বশেষ বাসুদেবপুর গ্রামে শহীদ সুবাহান মুন্সীর কবর জিয়ারত করেন। এসময় শহীদদের কবরের পাশে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে স্থানীয় গন্যমান্য ব্যক্তি, উপজেলা ও থানা প্রশাসনের কর্মকর্তারা এবং শহীদ পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন। এ সময় শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বক্তারা বলেন, “তাদের রক্তে লেখা হয়েছে বাংলাদেশের ইতিহাসের নতুন অধ্যায়। জাতি চিরকাল তাদের ত্যাগকে স্মরণ করবে।”
উল্লেখ্য, শহীদ মনিরুজ্জামান মোল্লা, শহীদ সুবাহান মুন্সী ও শহীদ শাওন মুফতি ২০২৪ সালের গণআন্দোলনের সময় ঢাকায় গুলিতে শহীদ হন। তাদের স্মরণে এই দিনটি প্রতিবছর রাজৈরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।