খুলনা মহানগর এলাকায় হাম-রুবেলা টিকা পাবে ৯৩ হাজার ৭৮৮ জন শিশু। টিকা কর্মসূচি বাস্তবায়ন করবে খুলনা সিটি কর্পোরেশন। বর্তমান সময়ে আতঙ্কে পরিণত হওয়া এ রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও টিকা নিতে উদ্বুদ্ধ করতে মিডিয়া কর্মীদের সহযোগিতা চেয়েছেন কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে নগর স্বাস্থ্য ভবনের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
এ সময় জানানো হয়, ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত এ ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সি শিশুদের টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে স্কুলগামী শিশুর সংখ্যা ১৩ হাজার ৩৮৪ জন এবং কমিউনিটি পর্যায়ের শিশুর সংখ্যা ৮০ হাজার ৪০৪ জন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) রাজিব আহমেদ। সম্মেলনে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ক্যাম্পেইনের সার্বিক প্রস্তুতি ও লক্ষ্য তুলে ধরেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম।
তিনি জানান, এবারের ক্যাম্পেইনে খুলনা মহানগরীর ৩১টি ওয়ার্ডকে ৪টি জোনে ভাগ করে কার্যক্রম পরিচালনা করা হবে। টিকাদান কার্যক্রম পরিচালনার জন্য মোট ২৫৬টি কেন্দ্র স্থাপন করা হয়েছে, যার মধ্যে ৪টি স্থায়ী এবং ২৫২টি অস্থায়ী কেন্দ্র রয়েছে। মোট ৮২টি টিম এ কার্যক্রমে অংশ নেবে। এতে ১৪৪ জন টিকাদান কর্মী, ২০৬ জন স্বেচ্ছাসেবী, ৬২ জন প্রথম সারির সুপারভাইজার, ৪ জন দ্বিতীয় সারির সুপারভাইজার এবং ৩১ জন পোর্টার দায়িত্ব পালন করবেন।