দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্য অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ করেছে বিএনপি। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে ডক্টর শহীদ শামসুজ্জোহা পার্ক থেকে একটি মিছিল বের হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেঞ্জিরসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা।
এর আগে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, আজকে যারা সরকারের কাজ করে সরকারি চাকরি করে, তারা কৃষকের কাছে যায় না, তারা কোনো প্রতিবেদনও পাঠায় না। মেহেরপুরে চার ফসলি জমি এখানে চারবার চাষাবাদ করা হয়। এখানে সারের প্রয়োজনেতা অনেক বেশি। এ বিষয়েও তারা গুরুত্ব দিতে চায় না। আমরা শুনেছি এখানে কোটি কোটি টাকার পেঁয়াজের বীজসহ অনেক কিছু উপকরণ দেওয়া হয়। সেটা সঠিকভাবে সরকারের লোকজন বন্টন করছে না। দেশ বাঁচাতে হলে বিএনপিকে বাঁচাতে হবে। দেশ বাঁচাতে হলে সমস্ত নির্বাচনে জয়লাভ করতে হবে। তবেই জনগণের প্রত্যাশা পূরণ হবে।
জেডএম