হোম > সারা দেশ > খুলনা

চার মাস পর বেনাপোল বন্দর দিয়ে চাল আমদানি শুরু

প্রতিনিধি, বেনাপোল (যশোর)

দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে দীর্ঘ চার মাস পর আবারো ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ভারতীয় পেট্রাপোল বন্দর হয়ে ৩১৫ মেট্রিক টন চাল বোঝাই ৯টি ট্রাক বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রবেশ করে।

বেনাপোল বন্দরের ডেপুটি ডিরেক্টর মামুন কবীর তরফদার বিষয়টি নিশ্চিত করে জানান, সর্বশেষ চলতি বছরের ১৫ এপ্রিল এ বন্দর দিয়ে চাল আমদানি হয়েছিল।

বন্দর সূত্রে জানা গেছে, বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকার সম্প্রতি বেসরকারি পর্যায়ে চাল আমদানির অনুমতি দিয়েছে। এরই অংশ হিসেবে ভারত থেকে মোটা চাল আসা শুরু হয়েছে। তবে শুল্ক কমানো না হওয়ায় আপাতত খুব বেশি পরিমাণ চাল আমদানির সম্ভাবনা নেই।

আমদানিকারক প্রতিষ্ঠান হাজী মুসা করিম অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী আব্দুস সামাদ বলেন, “আমরা বৃহস্পতিবার রাতে ভারত থেকে ৯টি ট্রাকে ৩১৫ মেট্রিক টন মোটা চাল আমদানি করেছি। ইতোমধ্যে বেনাপোল কাস্টমস হাউসে বিল অব এন্ট্রি জমা দেওয়া হয়েছে। আরও চাল বোঝাই ট্রাক পেট্রাপোল বন্দর থেকে আসার অপেক্ষায় আছে।”

তিনি আরও জানান, চলতি বছরের ২৩ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত খাদ্য মন্ত্রণালয়ের আহ্বানে বেসরকারি আমদানিকারকরা আবেদন করেন। বেনাপোল বন্দরসহ সারাদেশের বেশ কয়েকজন ব্যবসায়ী আমদানির অনুমতিপত্র (আইপি) পেয়েছেন। অনুমতি পাওয়ার পর অনেকে ইতোমধ্যে এলসি খুলেছেন। ফলে আগামী রবিবার থেকে চাল আমদানির পরিমাণ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

চাল আমদানি শুরু হলে বাজারে প্রতি কেজিতে ৫ থেকে ৭ টাকা দাম কমতে পারে বলে তিনি মনে করেন। বর্তমানে ভালো মানের চিকন চাল ৬৭ থেকে ৭০ টাকা এবং মোটা স্বর্ণা জাতের চাল ৫০ থেকে ৫২ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

বেনাপোল আমদানিকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি আলহাজ মহসিন মিলন বলেন, চার মাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে চাল আমদানি শুরু হয়েছে। প্রথম দিনে ৩১৫ মেট্রিক টন চাল এসেছে, সামনে আরও অনেক চাল বোঝাই ট্রাক বন্দরে প্রবেশের অপেক্ষায় আছে।

সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি মহল মনে করছে, ভারত থেকে চাল আমদানির ফলে দেশের বাজারে স্থিতিশীলতা আসবে এবং সাধারণ ভোক্তারা কিছুটা হলেও স্বস্তি পাবেন।

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা