লোকালয় থেকে উদ্ধার করে
বাগেরহাটের সুন্দরবন সংলগ্ন শরণখোলা গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে বিশাল এক অজগর। রোববার দুপুর ২টায় ওই গ্রামের কৃষক ইলিয়াস মাতুব্বরের বাড়ির পেছনের ধানক্ষেত থেকে এ অজগর উদ্ধার করেন ওয়াইল্ড টিম ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্যরা।
ভিটিআরটি সদস্য হাসান মুন্সী বলেন, ইলিয়ার মাতুব্বরের ফোন পেয়ে ওয়াইল্ড টিমের আলম হাওলাদারকে নিয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি হাঁস খেয়ে ধানক্ষেতের মধ্যেই পড়ে আছে বিশাল অজগর। পরে কৌশলে অজগর বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
কৃষক ইলিয়াস মাতুব্বর জানান, বাড়ির পেছনে ধানক্ষেতে হাঁসের অস্বাভাবিক ডাকাডাকি শুনতে পেয়ে ছুটে যান তিনি। অজগর তার হাঁসের পালে আক্রমণ করে তিনটি হাঁস খেয়ে ফেলেছে। সেখানে যাওয়ার পর অজগর দেখে দ্রুত বাড়ি ফিরে ফোন করেন উদ্ধারকারীদের।
ওয়াইল্ড টিমের শরণখোলা ফিল্ড ফ্যাসিলিটেটর আলম হাওলাদার বললেন, ওই অজগর উদ্ধারের সময় আমাদের দিকে তেড়ে আসছিল। আমরা কৌশলে ধরে বন বিভাগের কাছে নিয়ে যাই। অজগরটি লম্বা ১৫ ফুট এবং ওজন ২৫ কেজি ।
পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা খলিলুর রহমানের ভাষ্য, ওয়াইল্ড টিম ও ভিটিআরটি সদস্যরা অজগর উদ্ধার করে নিয়ে আসেন। পরে সাপটি রেঞ্জ অফিসে পূর্ব পাশের বনে অবমুক্ত করা হয়।
এমএইচ