খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালি ইউনিয়নের মাদক ব্যবসা, চুরি ও ছিনতাইয়ের মাধ্যমে দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করা চিহ্নিত অপরাধী হাসান সরদার (৩৫) গণপিটুনিতে নিহত হয়েছে। নিহত হাসান উপজেলার কালিদাসপুর গ্রামের মালেক সরদারের ছেলে।
গত ৭ জুন রোববার বিকেলে উপজেলার চাঁদখালী পশুর হাটের টাকা ছিনতাইয়ের চেষ্টাকালে বিক্ষুব্ধ সাধারণ মানুষ তাকে হাতেনাতে ধরে গণধোলাই দেয়।
উত্তেজিত জনতা গণপিটুনি দিলে হাসান সরদার গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ডা. নয়ন কুমার সরকার মৃত্যু নিশ্চিত করে।
পুলিশ ও স্থানীয় সূত্র নিশ্চিত করেছে, নিহত হাসানের বিরুদ্ধে পাইকগাছা থানায় মাদক ও চুরির একাধিক মামলা রয়েছে। নিহতের অত্যাচারে এলাকার সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে অতিষ্ঠ ছিল।
স্থানীয় ব্যবসায়ী আলহাজ্ব খোকন গাজী বলেন, হাসান এলাকায় মাদক সেবন করে নারীদের উত্ত্যক্ত করত এবং আমার কাছেও মোটা অঙ্কের চাঁদা দাবি করেছিল। তার কর্মকাণ্ডে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে চলে যাচ্ছিল।
আরেক বাসিন্দা আব্দুর রাজ্জাক জানান, চুরির অপরাধে এর আগেও এলাকাবাসী তাকে দুইবার গণধোলাই দিয়েছিল, কিন্তু সে তার অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করেনি।
সুরতহাল রিপোর্ট পরিচালনাকারী উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আ. আজিজ জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, নিহতের ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। ঘটনা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে।