বাসের সিট ধরাকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমনের সঙ্গে আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিবুল ইসলামের মারামারির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে মধ্যরাতে ওই দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। এতে আহত হয়েছেন প্রক্টর ও এক শিক্ষকসহ উভয় বিভাগের ১০ জন শিক্ষার্থী।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় ক্যাম্পাসের বটতলা ও ডায়না চত্বরে আইন এবং আল ফিকহ ও লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এই মারামারির ঘটনা ঘটে।
এর আগে শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসে যাত্রা করা ডাবল ডেকার বাসে সুমন ও রাকিবুলের মধ্যে মারামারি হয়। পরে বাসটি ক্যাম্পাসে প্রবেশ করলে সুমনের ডাকে আইন ও রাকিবের ডাকে আল-ফিকাহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা জড়ো হয়। পরে প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযুক্ত, ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের অনুষদ ভবনের প্রক্টর অফিসে নিয়ে প্রায় ২ ঘণ্টা মিটিং করে বিষয়টি সমাধান করেন।
তখন নিচে অপেক্ষারত ছিল উভয় বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী। পরে মধ্যরাতে উভয়পক্ষে হইহুল্লোড় শুরু হলে একপর্যায়ে তা মারামারিতে গড়ায়। কয়েক দফায় দফায় এ সংঘর্ষ চলতে থাকে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সংঘর্ষে শিক্ষার্থী জুবায়ের, কবির, বাধন, আকাশ, রাকিব। মারামারি থামাতে গিয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান ও অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান আহত হন।
এ বিষয়ে প্রক্টর ড. শাহীনুজ্জামান বলেন, উভয় পক্ষের সঙ্গে কথা বলে আমরা ঘটনার সমাধান করেছি। এরপর মারামারির যে ঘটনা ঘটেছে তা নিয়ে আগামীকাল সিদ্ধান্ত নিবো।