বললেন মিয়া গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে পাওয়া জনরায় জাতীয় সংসদে কার্যকর না করে সরকার ভুল পথে হাঁটছে। জুলাই সনদের আইনগত ভিত্তি তৈরির পরিবর্তে সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়ে সরকার জনগণের প্রত্যাশা থেকে সরে এসেছে।
তিনি বলেন, সংসদে যদি এ সমস্যার সমাধান না হয়, তাহলে জনগণের কাছেই যেতে হবে। সংসদে যে সমাধান হওয়ার কথা, সেটি রাজপথে আদায় করতে হলে সংঘাতের আশঙ্কা সৃষ্টি হতে পারে।
বুধবার রাতে খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে ১১ দলীয় ঐক্য খুলনার উদ্যোগে আয়োজিত ‘জুলাই অভ্যুত্থানের চেতনা: সাম্প্রতিক বাস্তবতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের পর জুলাই সনদে স্বাক্ষর, সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং সংশ্লিষ্ট প্রক্রিয়াগুলোর বিষয়ে বিএনপি শুরু থেকেই একমত ছিল। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর তারা রাষ্ট্রপতির আদেশ, গণভোট এবং জুলাই সনদের বাধ্যবাধকতাকে অস্বীকার করছে। এটি জাতির সঙ্গে প্রতারণা ও দ্বিচারিতার শামিল।
তিনি আরও বলেন, “জুলাই সনদ ও গণভোটের রায় জাতীয় সংসদে বাস্তবায়ন না হলে বিষয়টি জনগণের কাছেই নিয়ে যেতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।”
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগর আমির মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতের আমির মাওলানা এমরান হুসাইন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দ।
মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলমের সঞ্চালনায় প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি শরীফ সাঈদুর রহমান, এনসিপি খুলনা মহানগরের প্রধান সংগঠক আহমদ হামীম রাহাত, বাংলাদেশ লেবার পার্টির খুলনা মহানগর সভাপতি অধ্যক্ষ এস এম সাইফুদ্দোহা, খেলাফত মজলিসের খুলনা মহানগর সভাপতি এফ এম হারুন অর রশীদ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় সদস্য মো. জাকির হোসেন খান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা মো. ইব্রাহিম খলিল, আমার বাংলাদেশ পার্টি (এবি) খুলনা মহানগরের দপ্তর সম্পাদক মো. মনিরুল ইসলাম, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির খুলনা মহানগর সভাপতি অ্যাডভোকেট হানিফ উদ্দীন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর মাহমুদ হাসান এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও খুলনা মহানগর সভাপতি মো. রাকিব হাসান।
সেমিনারে জুলাই আন্দোলনের শহীদ সাকিব রায়হানের বাবা শেখ মো. আজিজুর রহমান ও মা নূরুন্নাহার বেগম উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।