হোম > সারা দেশ > খুলনা

নড়াইলে বাস-মিনিবাস পরিবহন মালিক সমিতির নতুন কমিটির অভিষেক

জেলা প্রতিনিধি, নড়াইল

দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটিয়ে নড়াইল জেলা বাস-মিনিবাস পরিবহন মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। নতুন কমিটির সভাপতি হিসেবে আলহাজ্ব মো. দেলোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে আলী হাসান দায়িত্ব গ্রহণ করেছেন।

শনিবার নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনালে সমিতির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে নবগঠিত কমিটির আনুষ্ঠানিক অভিষেক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির আতাউর রহমান (বাচ্চু), জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান আলেক এবং জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জুলফিকার আলী। এ সময় স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, বাস-মিনিবাস মালিক এবং পরিবহন সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সমিতি সূত্রে জানা যায়, ২০২০ সাল থেকে চলতি বছরের ৯ জুন পর্যন্ত বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অনুমোদন ছাড়াই নড়াইল জেলা বাস-মিনিবাস পরিবহন মালিক সমিতির কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। অনুষ্ঠানে বক্তারা অভিযোগ করেন, ওই সময়ে আওয়ামী লীগের জেলা সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেন ও পৌর কাউন্সিলর কাজী জহির রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার বলে নিজেদের সভাপতি ও সাধারণ সম্পাদক দাবি করে সমিতির কার্যক্রম পরিচালনা করেন। তাদের দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পরও তারা বিভিন্ন কৌশলে সমিতির নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা করেন।

পরবর্তীতে বাস-মিনিবাস মালিকদের এক সভায় সর্বসম্মতিক্রমে আলহাজ্ব মো. দেলোয়ার হোসেনকে সভাপতি এবং জেলা বিএনপির সাবেক ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসানকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

আয়োজকদের দাবি, নড়াইল-১ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য এবং জেলা প্রশাসকের সুপারিশের ভিত্তিতে গত ৯ জুন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ওই কমিটিকে আনুষ্ঠানিক অনুমোদন দেয়। তবে বিভিন্ন জটিলতা ও প্রতিবন্ধকতার কারণে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ বিলম্বিত হয়।

নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মো. দেলোয়ার হোসেন বলেন, “সমিতির স্বচ্ছতা, জবাবদিহিতা ও মালিকদের স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। সকলকে সঙ্গে নিয়ে পরিবহন খাতকে আরও সুশৃঙ্খল ও গতিশীল করার চেষ্টা থাকবে।”

সাধারণ সম্পাদক আলী হাসান বলেন, “দীর্ঘদিনের অচলাবস্থার অবসান হয়েছে। এখন মালিকদের অধিকার রক্ষা, সেবার মান উন্নয়ন এবং সমিতির কার্যক্রম নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হবে।”

মা-বাবার হাতে খুন হয় কিশোরী নির্জনা

বেনাপোল বন্দরে হাঁটুপানি, কোটি টাকার পণ্য পানিতে

ছয় মাস চিকিৎসার পর ফিরছে আহত বাঘিনী

চুয়াডাঙ্গায় বিরামহীন বৃষ্টিতে অস্বস্তিতে জনজীবন

মাছ ধরতে গিয়ে দশম শ্রেণির ছাত্র নিখোঁজ, লাশ উদ্ধার

ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিবের স্ত্রীর মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

চিকিৎসা ব্যয় বহন করতে পারছেন না দগ্ধ জেলে বাদল

টানা বৃষ্টিতে জয়রামপুর-কুমারীদহ সড়কে ধস, যোগাযোগ ব্যাহত

খুলনায় এইডসে আক্রান্ত হয়ে আট মাসে ১৭ জনের মৃত্যু

তালায় বাসের ধাক্কায় মোটরভ্যানের যাত্রী গৃহবধূ নিহত