খুলনা নগরীর দৌলতপুর থানার বিএল কলেজ রোডে ফজরের নামাজের সময় দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন দুই মুসল্লি। রোববার ভোরে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি কেন্দ্রের জামে মসজিদে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন মসজিদ কমিটির সেক্রেটারি লোকমান হাকিম (৪৫) এবং আলম মন্ডল (৫৫)। লোকমান হাকিম উত্তর কাশিপুর এলাকার মৃত জব্বার শেখের ছেলে। অন্যদিকে আলম মন্ডল একই এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি কেন্দ্রের জামে মসজিদে ফজরের নামাজ চলছিল। সাড়ে ৫টার দিকে কয়েকজন সশস্ত্র ব্যক্তি মসজিদে প্রবেশ করেন। তারা লোকমান হাকিমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি মাথায় বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় লোকমানের পাশে দাঁড়িয়ে নামাজরত আলম মন্ডলও গুলিবিদ্ধ হন। গুলি চালিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
গুলির শব্দ ও মুসল্লিদের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। তারা গুলিবিদ্ধ দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় লোকমান হাকিমকে চিকিৎসকদের পরামর্শে ঢাকায় নেওয়া হয়। আলম মন্ডল খুলনা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী কমিশনার (সিটিএসবি) মো. আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। হামলার কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। বিস্তারিত পরে জানানো হবে।
জেডএম