যশোরের অভয়নগর উপজেলায় একটি বাঁশবাগান থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ধুলগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, চন্দনগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ইউসুফ হাওলাদারের বাঁশবাগান থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে আমতলা পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আনুমানিক ৩৫ বছর বয়সী ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং গত কয়েকদিন ধরে এলাকায় ঘোরাফেরা করছিলেন। ঘটনার দিন সকালেও তাকে ওই বাগানের আশপাশে দেখা যায়। তবে ঠিক কখন এবং কীভাবে তিনি গলায় ফাঁস দেন, তা নিশ্চিতভাবে জানা যায়নি।
স্থানীয় ইউপি সদস্য বাবুল সরদার জানান, সকাল ১০টার দিকে বাগানে নারীর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, গলায় ফাঁস দেওয়া অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।