হোম > সারা দেশ > খুলনা

তিন দিন পর শূন্যরেখা থেকে ১২ জনকে ফেরত নিল বিএসএফ

উপজেলা প্রতিনিধি, দৌলতপুর (কুষ্টিয়া)

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে তিন দিন পর শূন্যরেখা থেকে নারী, পুরুষ ও শিশুসহ ১২ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ব্যাপারে সোমবার সকাল ১১টার দিকে প্রাগপুর সীমান্তের ১৪৮/৩-এস পিলার-সংলগ্ন এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের পতাকা বৈঠক হয়।

বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়া ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

পতাকা বৈঠকে বিজিবির পক্ষে কুষ্টিয়া ৪৭ বিজিবির উপ-অধিনায়ক নুরুল হুদার নেতৃত্বে ছয় থেকে আট সদস্যের একটি প্রতিনিধিদল এবং বিএসএফের পক্ষে রাণীনগর কোম্পানি কমান্ডার এসি সুনীল কুমার যাদবের নেতৃত্বে সমসংখ্যক প্রতিনিধিদল অংশ নেয়।

বিজিবি সূত্র জানায়, বিএসএফ অবৈধভাবে ১২ জনকে বাংলাদেশে পুশইন করে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের শনাক্ত ও নিয়ন্ত্রণে নেয় বিজিবি। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর সোমবার অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিএসএফের কাছে ফেরত দেওয়া হয়।

এর আগে শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে নারী, পুরুষ ও শিশুসহ ১২ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। ঘটনার সমাধানে সেদিন বিকেল ৪টায় পতাকা বৈঠকের সিদ্ধান্ত হলেও বিএসএফের অসহযোগিতার কারণে অনুষ্ঠিত হয়নি।

শনিবার সকাল সাড়ে ৯টায় বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস পিলার-সংলগ্ন এলাকায় দুই বাহিনীর মধ্যে আরেকটি পতাকা বৈঠক হয়। তবে ওই বৈঠকেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় ১২ জনকে শূন্যরেখাতেই অবস্থান করতে হয়।

সে সময় বিএসএফ দৌলতপুর সীমান্ত দিয়ে পুশইনের অভিযোগ অস্বীকার করে এবং শূন্যরেখায় অবস্থানরত ব্যক্তিদের নিজেদের হেফাজতে নিতে অস্বীকৃতি জানায়। এর পরিপ্রেক্ষিতে বিজিবি আনুষ্ঠানিক প্রতিবাদ জানালে বিএসএফ বিষয়টি তদন্ত করে সিদ্ধান্ত জানানোর জন্য সময় চায়।

পুশইনের শিকার ব্যক্তিদের মধ্যে কয়েকজনের পরিচয় জানা গেছে। তারা হলেন উজির আলী (৫০), তার স্ত্রী জয়নুর বেগম (৩৫), ছেলে শিহাদ (১৭), ইনজামুল (৮) ও আড়াই বছরের শিশু সামাদ। এছাড়া রফিকুল গাজীর পরিবারের তিন সদস্য এবং আফরোজা খাতুনের পরিবারের চার সদস্য রয়েছেন। তারা সবাই নিজেদের বাংলাদেশি নাগরিক বলে দাবি করেছেন।

এ বিষয়ে কুষ্টিয়া ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের স্বার্থসংশ্লিষ্ট যেকোনো বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেডএম

মোংলায় হাত বিচ্ছিন্ন শ্রমিকের উন্নত চিকিৎসার দাবিতে মানববন্ধন

আলমডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাইক চালক নিহত

চুয়াডাঙ্গার দর্শনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

কৃষকের বন্ধু হয়ে উঠছেন প্রতিবন্ধী কৃষি কর্মকর্তা মফিজ

চুয়াডাঙ্গায় বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু

সুন্দরবনে দস্যুতা দমনে দৃঢ় অবস্থানে কোস্ট গার্ড : মহাপরিচালক

দলীয় শৃঙ্খলা ভঙ্গে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার

রেলবাজার দোকান মালিক সমিতির উন্নয়নে বিএনপি নেতার অর্থ সহায়তা

ক্ষমতায় বসার পর বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছেন: গোলাম পরওয়ার