শেরপুর জেলায় প্রথম স্থান অর্জন করে পুলিশের চাকরি পেয়েছিলেন খন্দকার মোহাম্মদ কামরুজ্জামান হাসান। মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়েও মেধা ও পরিশ্রমে নিজের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাচ্ছিলেন তিনি। চাকরিতে যোগ দিয়ে পরিবারের দায়িত্ব নেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ গড়ার স্বপ্নও বুনেছিলেন। কিন্তু সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় মরণব্যাধি ব্লাড ক্যানসার।
২০২৬ সালের এপ্রিল মাসে তাঁর শরীরে এই মরণব্যাধি শনাক্ত হয়। এরপর থেকে প্রায় সাত মাস ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করে যাচ্ছেন তিনি। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসা সম্পন্ন করতে প্রয়োজন প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকা। বিপুল এই অর্থ জোগাড় করতে হিমশিম খাচ্ছে তাঁর পরিবার। তাই জীবন বাঁচানোর লড়াইয়ে সবার কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন হাসান।
কামরুজ্জামান হাসানের বাড়ি শেরপুরের শ্রীবরদী উপজেলার উত্তর মাটিয়াকুড়া গ্রামে। তার বাবা খন্দকার মোহাম্মদ ছোহরাব আলী এবং মা রোকসানা পারভীন। ২০২১ সালে মাটিয়াকুড়া ইসলামিয়া দাখিল মাদরাসা থেকে এসএসসি এবং ২০২৩ সালে সরকারি কলেজ থেকে মানবিক বিভাগে ৪.৮৩ জিপিএ নিয়ে এইচএসসি পাস করেন তিনি।
পরে শেরপুর সরকারি কলেজের বাংলা বিভাগে ভর্তি হন। পড়াশোনার পাশাপাশি ২০২৪ সালে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় শেরপুর জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে চাকরি পান। পরিবারের আর্থিক বাস্তবতা বিবেচনায় চাকরিতে যোগ দিয়ে পরিবারের পাশে দাঁড়ানোর স্বপ্ন বুনেছিলেন তিনি।
চাকরিতে যোগদানের পর নোয়াখালী প্রশিক্ষণ কেন্দ্রে টানা ছয় মাস প্রশিক্ষণও সম্পন্ন করেন হাসান। প্রশিক্ষণ শেষে তাঁর পদায়ন হয় ময়মনসিংহের ভালুকা এলাকার আইপি-৫-এ। সবকিছু যখন ধীরে ধীরে গুছিয়ে আসছিল, ঠিক তখনই জীবনে নেমে আসে এক কঠিন বিপর্যয়।
২০২৬ সালের এপ্রিল মাসে তাঁর শরীরে টি-অল (T-ALL) ধরনের ব্লাড ক্যানসার শনাক্ত হয়। এরপর থেকে প্রায় সাত মাস ধরে এই রোগের সঙ্গে লড়াই করছেন তিনি। প্রথমে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসা নেন। দীর্ঘ চিকিৎসার পরও প্রত্যাশিত সুস্থতা না আসায় উন্নত চিকিৎসার জন্য ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে যান তিনি।
চিকিৎসকদের পরামর্শ মতে, উন্নত মানের কেমোথেরাপির মাধ্যমে ক্যানসার কোষ শূন্যের কোঠায় নামিয়ে আনার পর বোনম্যারো প্রতিস্থাপন করতে হবে। এ চিকিৎসা সম্পন্ন করতে আনুমানিক ৬০ থেকে ৭০ লাখ টাকা প্রয়োজন। কিন্তু মধ্যবিত্ত পরিবারের পক্ষে এত ব্যয়বহুল চিকিৎসার খরচ একা বহন করা সম্ভব হচ্ছে না। ফলে অর্থের অভাবে অনিশ্চয়তায় পড়েছে তাঁর চিকিৎসা। জীবন বাঁচানোর এই লড়াইয়ে সমাজের বিত্তবান, বন্ধু, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন তিনি।
কামরুজ্জামান হাসানের বন্ধুরা জানান, ২০২৪ সালের ডিসেম্বরে একই সময়ে তাঁর দুই ঘনিষ্ঠ বন্ধু পুলিশের চাকরি পেয়েছিলেন। তাঁদের মধ্যে হাসান শেরপুর জেলায় প্রথম স্থান অর্জন করেছিলেন। বন্ধুর সেই সাফল্যে সেদিন তাঁরা অনেক আনন্দিত হয়েছিলেন। অথচ আজ সেই বন্ধুর অসুস্থ ও অসহায় অবস্থা দেখে ভীষণ কষ্ট হচ্ছে। যে বন্ধুর সাফল্যে একদিন আনন্দে আত্মহারা হয়েছিলেন, আজ তাঁর সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করছেন। একই সঙ্গে সবার কাছে হাসানের জন্য দোয়া ও আর্থিক সহযোগিতা কামনা করেছেন তিনি।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে হাসান তাঁর শুভাকাঙ্ক্ষী, বন্ধু, সহপাঠী ও ব্যাচমেটদের কাছে চিকিৎসার জন্য সহযোগিতা চেয়েছেন। প্রতিটি ইউনিট থেকে তহবিল সংগ্রহের পাশাপাশি তাঁর আবেদনটি শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধও জানিয়েছেন। শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে অনেকের ফোনকল ও বার্তার উত্তর দিতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে কারও মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন।
চিকিৎসায় সহযোগিতা পাঠানোর মাধ্যম: বিকাশ: ০১৯৯৩২৫৫৩০৪। নগদ: ০১৬৪৮৯৪১৯৮৯।