ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান রোকন। সোমবার সকালে নগর ভবনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সদ্য বিদায়ী প্রশাসক ও বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী আনুষ্ঠানিকভাবে তার হাতে দায়িত্ব হস্তান্তর করেন।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, মুক্তাগাছা আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলুসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী এবং বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এর আগে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। পরে নগর ভবনের সামনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দায়িত্ব গ্রহণের পরপরই প্রশাসক রোকনুজ্জামান রোকন এক ব্যতিক্রমী ঘোষণা দিয়ে বলেন, এখন থেকে নগরবাসী সিটি কর্পোরেশনের কোনো কর্মকর্তাকে ‘স্যার’ বলে সম্বোধন করবেন না। এখানে যারা কাজ করেন তারা সবাই নগরবাসীর সেবক। জনগণের সেবা করাই আমাদের প্রধান দায়িত্ব।
তিনি বলেন, প্রধানমন্ত্রী যে দায়িত্ব তার ওপর অর্পণ করেছেন, তা তিনি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করার চেষ্টা করবেন। এজন্য নগরবাসীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
নবনিযুক্ত প্রশাসক তার কর্মপরিকল্পনা তুলে ধরে বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে নগরীর যানজট নিরসন হবে তার প্রথম অগ্রাধিকার। যানজটমুক্ত নগরী গড়ে তুলতে স্বেচ্ছাসেবকদের একটি দল গঠন করা হবে এবং তাদের টিম লিডার হিসেবে তিনি নিজেই মাঠে থাকবেন।
এছাড়া তিনি নগরীর জলাবদ্ধতা নিরসন এবং পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, নগরীতে বর্তমানে ৬৮৭ জন পরিচ্ছন্নতা কর্মী কর্মরত রয়েছেন। তারা সঠিকভাবে দায়িত্ব পালন করলে নগরী অপরিচ্ছন্ন থাকার কোনো কারণ নেই। তাই পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা আরো কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হবে।
নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে সিটি কর্পোরেশন চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং উপস্থিতরা নগর উন্নয়নে তাঁর সফলতা কামনা করেন।