জামালপুরে ভোরে দুটি স্থানে নাশকতার চেষ্টা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। শহরের ভোকেশনাল মোড়ের রাজিব পরিবহনের বাস কাউন্টারে দাঁড়িয়ে থাকা একটি বাস লক্ষ্য করে দুটি পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়েছে। অন্যদিকে, জামালপুর সদর উপজেলার জোকারপাড়া এলাকায় রেললাইন উপড়ে ফেলে ট্রেন দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়েছে।
দুটি ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রোববার ভোরে পৃথক এ ঘটনার মাধ্যমে আওয়ামী লীগ নেতাকর্মীরা নাশকতার চেষ্টা চালায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর ৩টা ৪২ মিনিটের দিকে দুটি মোটরসাইকেলে করে চারজন ব্যক্তি দ্রুতগতিতে রাজিব পরিবহনের বাস কাউন্টারে আসে। এ সময় সামনের মোটরসাইকেল থেকে বাসের সামনের দিকে একটি পেট্রোলবোমা নিক্ষেপ করা হয় এবং পেছনের মোটরসাইকেল থেকে বাসের পেছনের দিকে আরেকটি বোমা ছোড়া হয়। তবে দুটি বোমাই লক্ষ্যভ্রষ্ট হয়ে সড়কে পড়ে আগুন জ্বলতে থাকে। এ সময় তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরে আগুনের ঝুঁকি এড়াতে বাসটি দ্রুত সরিয়ে নেওয়া হয়। ঘটনার সময় বাসে একজন যাত্রী, চালক ও হেলপার অবস্থান করছিলেন। তবে কেউ হতাহত হননি এবং বাসের কোনো ক্ষয়ক্ষতিও হয়নি।
বাস কাউন্টারে কর্মরত শফিউল আলম বলেন, এ ধরনের নাশকতা প্রতিরোধে বাস কাউন্টার ও আশপাশের এলাকায় পুলিশের নজরদারি বাড়ানোর দাবি জানান তিনি।
এদিকে একই ভোরে জামালপুর সদর উপজেলার জোকারপাড়া এলাকায় রেললাইন উপড়ে ফেলে নাশকতার চেষ্টা করে আওয়ামী লীগ নেতাকর্মীরা। এতে জামালপুর-তারাকান্দি-বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলপথে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয়রা রেললাইনের ফিশপ্লেট ও ক্লিপ খোলা দেখতে পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষকে খবর দেন। পরে রেলওয়ে পুলিশ ও প্রকৌশল বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত মেরামতের কাজ শুরু করেন। মেরামত শেষে ওই রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। সময়মতো বিষয়টি শনাক্ত হওয়ায় সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ভোর ৪টা থেকে ৫টার মধ্যে রেললাইনের ফিশপ্লেট ও ক্লিপ খুলে ফেলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। বর্তমানে রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন বলেন, দুটি ঘটনার বিষয়ে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমই