বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কৃষি অনুষদের জুনিয়র রিসেপশন ও সাংস্কৃতিক সন্ধ্যা চলাকালে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অনুষ্ঠানটি মাঝপথে স্থগিত ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাডে কৃষি অনুষদের ৬৩তম ও ৬৪তম ব্যাচের উদ্যোগে অনুষ্ঠানটি শুরু হয়। রাত ৯টার দিকে সাংস্কৃতিক পরিবেশনা চলাকালে হঠাৎ দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির জেরে হাতাহাতি শুরু হয়। এতে অনুষ্ঠানস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কৃষি অনুষদের ৬৪ ব্যাচের একজন ছাত্র এবং একই ব্যাচের এক ছাত্রীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু ৬৩ ব্যাচের পশুপালন অনুষদের আরেকজন ছাত্র ওই নারী শিক্ষার্থীকে মেসেজ দিয়ে বিরক্ত করতেন। এ বিষয়ে আজ তারা একত্রে হয়ে সমাধানের চেষ্টা করেন। এ সময় দুই গ্রুপ শিক্ষার্থীর মধ্যে কথা কাটাকাটি হয় এবং একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এর পরিপ্রেক্ষিতে পরে বিশ্ববিদ্যালয়ের ঈশা খাঁ হল ও শহীদ শামসুল হক হলের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ছড়িয়ে পড়ে।
তবে ব্যক্তিগত সমস্যাকে হল পর্যন্ত নিয়ে যাওয়া এবং দ্বন্দ্ব সৃষ্টি করে অনুষ্ঠান পণ্ড করায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রক্টরিয়াল বডির সদস্যরা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সিনিয়র শিক্ষার্থীরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে পরিস্থিতি স্বাভাবিক করতে অনুষ্ঠানটি স্থগিত ঘোষণা করে শিক্ষার্থীদের নিজ নিজ হলে ফিরে যেতে বলা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। সম্ভাব্য আরও অপ্রীতিকর ঘটনা এড়াতে অনুষ্ঠান বন্ধ করা হয়েছে। ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।