শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার উপজেলার বুরুঙ্গা শয়তানের মোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) বারমারী ক্যাম্পের সদস্যরা।
আটক ব্যক্তিরা হলেন—রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা গ্রামের ইমদাদুল হক (২৯), দেবীনগর গ্রামের আক্তারুল হক (২০), শাগোয়ান ঘন্টি গ্রামের মিনারুন (১৯); চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর গ্রামের শামীম (২৩), রসুলপুর গ্রামের আব্দুল করিম (২১); রাজশাহীর গোদাগাড়ীর মাধবপুর গ্রামের ইউসুফ (২১), দেয়ারমানিকচর গ্রামের শওকত আলী (৩৫); চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চরমোহনপুর নিচপাড়া গ্রামের আলামিন (২৪); রাজশাহীর গোদাগাড়ীর দেয়ারমানিকচর গ্রামের আব্দুল্লাহ (২৫) ও হাসান (২৫); চাঁপাইনবাবগঞ্জের বোর্ডপাড়া এলাকার রুবেল (৩০) এবং রাজশাহীর গোদাগাড়ীর রাতাহারি গ্রামের মেসবাহুল (২০)।
বিজিবি জানায়, পাসপোর্ট ছাড়াই অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টাকালে তাদের আটক করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিদের বুধবার সকালে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নুরুল আজিম বায়েজিদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে দিনরাত নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে বিজিবি আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করে মামলা দায়ের করেছে। দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এমই