নেত্রকোণার পূর্বধলা উপজেলায় নদীতে ডুবে দাদি-নাতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার নারায়নডহর এলাকায় মগড়া নদী থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন- উপজেলার খলিশাউড় ইউনিয়নের শিমূলকান্দি (বহেরা কান্দা) গ্রামের মৃত রমেশ আলীর স্ত্রী ফাতেমা বেগম (৬৫) ও তার ছেলের দিকে নাতি লিটন মিয়ার মেয়ে লিজা আক্তার (৭)।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার বিকাল ৫টার দিকে ফাতেমা নাতি লিজাকে নিয়ে তার মেয়ের বাড়ি উপজেলার নারায়নডহর গ্রামে যাচ্ছিলেন। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও মেয়ের বাড়িতে না যাওয়ায় স্বজনরা তাদেরকে খোঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায়ে রাত নয়টার দিকে স্থানীয় লোকজন উপজেলার নারায়নডহর এলাকায় মগড়া নদীতে ফাতেমার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে নিহতের স্বজনরা নদীতে জাল ফেলে অনেক খোঁজাখুঁজির পর রাত পৌনে ১টার দিকে লিজার লাশ উদ্ধার করে।
পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম জানান, খবর পেয়ে রাতেই লাশ দুটি উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।