হোম > সারা দেশ > ময়মনসিংহ

‘থানায় বলে দেওয়া হয়েছে পুলিশ ধরবে না’

আ.লীগের নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি প্রার্থী

শওকত জামান, জামালপুর

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের নেতাকর্মীদের পুলিশের হাত থেকে বাঁচাতে দায়িত্ব নিয়েছেন জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ)  আসনে বিএনপির প্রার্থী কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ সম্পাদক এম রশিদুজ্জামান মিল্লাত। পুলিশকে বলে আওয়ামী লীগের আত্মগোপনে থাকা নেতাকর্মীদের গ্রেপ্তার না করা ও তাদের নিরাপত্তার দায়িত্ব নিয়ে নির্বাচনি মাঠে নামার আহ্বান জানান বিএনপির এই প্রার্থী।

গত সোমবার রাতে জামালপুরের দেওয়ানগঞ্জের হারুয়াবাড়ী রাহমানি মাদরাসা মাঠে বিএনপির নির্বাচনি পথসভায়  দেওয়া এম রশিদুজ্জামান মিল্লাতের  বক্তব্যের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে শোনা যায়,  বিএনপির প্রার্থী  এম রশিদুজ্জামান মিল্লাত আওয়ামী লীগ ভোটারদের উদ্দেশে বলেছেন,  থানায় বলে দেয়া আছে, আওয়ামী সমর্থকদের গ্রেপ্তার করবে না, হ্যারেসমেন্টও করবে না, নিশ্চিন্তে ভোট দিতে পারবেন। কমপক্ষ ২০ বছরেও আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেওয়া ও জয়ী হতে পারবে না। আপনারা বিএনপির সঙ্গে থাকুন। ধানের শীষ প্রতীকে ভোট দিন। আমি আপনাদের পাশে আছি। 

মঙ্গলবার রাতে বিএনপির প্রার্থীর বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তোলপাড় শুরু হয়। জেলাজুড়ে ভোটারদের মধ্যে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। বিষয়টি  টক অব দি ডিস্ট্রিকে পরিণত হয়েছে। 

আওয়ামী লীগের ভোটারদের প্রকাশ্য নির্বাচনি পথসভায়  দলটির পুনর্বাসনের বিনিময়ে ভোট আদায়ের প্রস্তাবের ভিডিও দেখে অবাক তার নির্বাচনি এলাকা দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জসহ সারা দেশের ভোটাররা। ভোট বাড়াতে আওয়ামী লীগের দায়মুক্তি দিয়ে নির্বাচনি মাঠে নামার ঘোষণা দেয়ায় ক্ষোভে  ফেটে পড়েছে জুলাই যোদ্ধা, তরুণ ও সাধারণ ভোটাররা। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তারা।

এদিকে বিএনপির এই প্রার্থীর বক্তব্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা দলে দলে প্রকাশ্যে বের হয়ে বিএনপির প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। 

এদিকে, এভাবে ভোট আদায়ে একের পর এক প্রকাশ্য জনসভায় আওয়ামী লীগের নেতাকর্মীদের যোগদানের মাধ্যমে দলটির পুনর্বাসন অব্যহত থাকলে এই প্রার্থীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব সাফায়াত বিন আবেদীন তূর্য। 

বিএনপির প্রার্থীর এমন ঘোষণায় জামালপুরের দেওয়ানগঞ্জে বিএনপিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের যোগদানের হিড়িক পড়েছে। নাম গোপন রাখার শর্তে, আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান করা নেতাকর্মীরা বলেন, আওয়ামী লীগ এখন মাঠে নেই। আওয়ামী লীগ করলে হামলা-মামলার শিকার হতে হবে। বিএনপির পক্ষে নির্বাচনি কাজ করে বিএনপিতে যোগদান করলে এসব ঝামেলা থেকে রেহাই পাওয়া যাবে। এখন যুগটাই এমন যখন যে দল আসবে তখন ওই দলের সঙ্গে মিলেমিশে চলতে হবে। নয়তো অনেক ঝামেলা পোহাতে হবে।

আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা বলেন, দেওয়ানগঞ্জের  বিভিন্ন এলাকার আওয়ামী লীগ নেতাকর্মীরা স্বেচ্ছায় বিএনপির পক্ষে নির্বাচনি কাজ করছে। উপরের নির্দেশনা অনুযায়ী যাদের দ্বারা বিএনপির কোনো ক্ষতি হয়নি তাদের বিএনপিতে রাজনীতি করার সুযোগ থাকবে। তবে ওইসব এলাকার বিএনপির নেতাদের ক্লিয়ারেন্স ছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে নেওয়া হবে না।

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী এম রশিদুজ্জামানের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করার পর ফোন রিসিভ না করায় তার মন্তব্য নেয়া সম্ভব হয়নি। 

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে জামায়াতের প্রার্থী নাজমুল হক সাঈদী বলেছেন, বিএনপির প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত দলে দলে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে যোগদান করাচ্ছেন। তিনি জুলাই বিপ্লবের শহীদের রক্তের সঙ্গে বেঈমানি করেছেন। সর্বদলীয় অঙ্গীকারনামায় আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত তাদেরকে রাজনীতির সুযোগ দেওয়া হবে না, তিনি এই অঙ্গীকারও ভঙ্গ করেছেন।

তিনি আরো বলেন, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্য ঘুরে বেড়ালেও  পুলিশ গ্রেপ্তার করছে না। অবিলম্বে পক্ষপাতিত্বের অভিযোগে দেওয়ানগঞ্জ থানার ওসির প্রত্যাহার দাবি করছি।  

দেওয়ানগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ বিপ্লব কুমার সরকার বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের  গ্রেপ্তার করা যাবে না এমন কথা কারো সঙ্গে হয়নি। থানা-পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার কথায় চলে। এমন কথা কেউ  বলে থাকলে তিনি সঠিক বলেনি,  আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান চলছে। 

জামালপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মোহাম্মদ জাবেদ সাদেক বলেছেন, পুলিশ আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করবে না এমন বক্তব্য তার নিজের মনগড়া। গ্রেপ্তারে নিয়মিত অভিযান চলছে। অপারেশন ডেভিলহান্টে সর্বোচ্চ সংখ্যক জামালপুরে গ্রেপ্তার হয়েছে। কে কী বলল সেটা উনার ব্যক্তিগত ব্যাপার।

কাজে প্রমাণ পাবেন বলে জানালেন এই পুলিশ কর্মকর্তা।

গফরগাঁওয়ে স্বামীকে জেতাতে স্ত্রী যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে

শেরপুরে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে আজাদি যাত্রা

গফরগাঁওয়ে পত্রিকার ভেতর চিঠি ও লিফলেট দিয়ে স্বতন্ত্র প্রার্থীর ভোট প্রার্থনা

ভোটারদের টাকা বিতরণ, বিএনপির সাবেক সাধারণ সম্পাদকসহ ৬ নেতার কারাদণ্ড

জামায়াত নেতা রেজাউল হত্যায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

ড্রোন ব্যবহার করায় স্বতন্ত্র প্রার্থীকে শোকজ

গফরগাঁওয়ে ধানের শীষের সমথর্নে গণমিছিল

সমস্যায় জর্জরিত নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

ভোটের হাওয়া লাগেনি জামালপুরের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনপদে