ময়মনসিংহে ফেসবুকে ইসলাম ধর্ম ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করে উসকানিমূলক মন্তব্য করার নিউজ দৈনিক আমার দেশ-এ প্রকাশের পর আওয়ামী দোসর বিতর্কিত গ্রাফিক্স ডিজাইনার শামীম আশরাফকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার রাত দশটার দিকে জেলা ডিবি পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় বলে নিশ্চিত করেছেন জেলা ডিবি দক্ষিণের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম।
ওসি মহিদুল ইসলাম জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত করার নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাতেই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি তার সাথে ফ্যাসিস্টদের রাজনৈতিক যোগাযোগ খতিয়ে দেখছি।
ধর্মীয় সংগঠনের নেতারা বলেন, শামীমের ব্যবহৃত মোবাইল ফোন, সিম, ল্যাপটপ, কম্পিউটার ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা উচিত। তাতে আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের সাথে তার হাত আছে কিনা তা ধরা পড়বে।
উল্লেখ্য, সোমবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে শামীম আশরাফ লিখেছিলেন, “আমার স্ট্যাটাসের ভাষাগত বৈচিত্র্য ইচ্ছে করেই আনছি। আর দুয়েকদিন গালিময় স্ট্যাটাস দেখা যাবে। মাত্র দুয়েকদিন ধৈর্য ধরুন, প্লিজ। এরপর ভালো হয়ে যামু।” তারপর দুই ঘণ্টার মধ্যে আরেকটি পোস্ট দেন এবং একজন মন্তব্যকারীকে উদ্দেশ করে তিনি লিখেন, “আপনি ভায়া বেহেশতের সর্বোচ্চ মাকামে গিয়ে সানিলিওনকে চু..ন।” এ ধরনের মন্তব্য ছড়িয়ে পড়ার পর শহরজুড়ে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়। সাধারণ মানুষ ও মাদ্রাসার শিক্ষার্থীরা বিক্ষোভ করে তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানায়।
তাকে গ্রেপ্তারের পর ময়মনসিংহ নগরবাসী এবং ধর্মীয় সংগঠনগুলো জেলা পুলিশের কাছে দাবি জানায় শামীম আশরাফের ব্যবহৃত সকল মোবাইল, সিম, ল্যাপটপ, কম্পিউটারসহ ইলেকট্রনিক ডিভাইস জব্দ করার। তার অনলাইন যোগাযোগ, পোস্ট, মেসেজ ও কনটেন্ট তদন্ত করে উসকানিমূলক নেটওয়ার্কের সম্পূর্ণ চিত্র উদঘাটন করার।
জানা গেছে, শামীম আশরাফ দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামীপন্থি সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ছিলেন। গণ-অভ্যুত্থানের পরও তার মালিকানাধীন ‘গ্রাফিটি’ ডিজাইনের মাধ্যমে স্থানীয় আওয়ামী নেতাদের প্রচারণামূলক ব্যানার, ফেস্টুন ও পোস্টার তৈরি করতেন ও পলাতক নেতাদের কাছে পাঠাতেন।
বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ মহানগরের সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত আনন্দীপুরী আমার দেশকে বলেন, “ধর্মপ্রাণ জনগণ জনস্বার্থে এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন। শামীম আশরাফকে গ্রেপ্তারে ধর্মপ্রাণ মুসলমানরা স্বস্তিবোধ করছেন।”
শামীম আশরাফ বর্তমানে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় পুলিশ হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে সাংবাদিকদের জানিয়েছেন ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম।