জামালপুরের সরিষাবাড়ীর যমুনা সার কারখানায় আওয়ামী লীগ সরকার গ্যাস সংকটের অজুহাতে উৎপাদন বন্ধ করে দিয়েছিল। ১ বছর ১ মাস ৮ দিন বন্ধ রাখার পর আবার উৎপাদনে এলো এই সার কারখানা।
গতকাল সন্ধ্যা ৫টা ৫৪ মিনিটে পুনরায় সার উৎপাদন শুরু হয়। কারখানার উপ-প্রধান প্রকৌশলী (রসায়ন) ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
সার কারখানা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৫ জানুয়ারি গ্যাস সংকটের অজুহাতে তিতাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। এতে উৎপাদন বন্ধ হয়ে যায়।
১৯৯১ সালে যমুনা সার কারখানায় বাণিজ্যিকভাবে ইউরিয়া সার উৎপাদন শুরু হয়। এখানে দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন সার উৎপাদন করা যায়। কারখানায় দৈনিক ৪২-৪৩ পিএসআই গ্যাস প্রয়োজন হয়। এখানকার সার উত্তরবঙ্গের ১৬ জেলাসহ মোট ২১ জেলায় সরবরাহ করা হয়।
গত ১৩ ফেব্রুয়ারি তিতাস গ্যাস কর্তৃপক্ষ পুনরায় গ্যাস সংযোগ দেয়। এরপর কারখানা চালুর কার্যক্রম শুরু হয়।
এ বিষয়ে কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। এখন চাহিদা অনুযায়ী গ্যাস নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।