নেত্রকোণার আটপাড়ায় বাস ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এসময় আরো দুইজন আহত হয়েছেন।
বুধবার উপজেলার নেত্রকোণা-মদন সড়কের বাগজান এলাকায় এই দুর্ঘটনা হয়।
নিহত হন আটপাড়া উপজেলার শ্রীরামপাশা গ্রামের কামরুজ্জামান কামাল (৫১)। আহতদের নাম তাৎক্ষণিকভাবে পুলিশ জানাতে পারেনি।
আটপাড়া থানার ওসি মো. আশরাফুজ্জামান জানান, বুধবার সকালে ঘন কুয়াশার মধ্যে নেত্রকোণা শহর থেকে একটি সিএনজি চালিত অটোরিক্সা যাত্রী নিয়ে আটপাড়ার দিকে যাচ্ছিল। পথে সড়কের বাগজান এলাকায় অটোরিক্সাটি পৌঁছলে বিপরীত দিক মদন থেকে নেত্রকোণা শহরের দিকে যাওয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রী বোঝাই একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিক্সার যাত্রী কামরুজ্জামান কামাল মারা যান। এসময় গুরুতর আহত হন আরো দু’জন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে পাঠান। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।