সুনামগঞ্জসহ সিলেট সীমান্তে চলতি বছরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ টহল ও অভিযানে ১৮০ কোটি টাকার অধিক মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। এ ছাড়া ৮১ জন আসামিসহ ৮টি অস্ত্র, ৪৮ রাউন্ড গুলি, ১৮ কেজি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১৮৯টি ডেটোনেটর ও ১১টি ফিউজ এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন ঠেকাতে ১৬৩ জনকে প্রতিহত করা হয়েছে।
বৃহস্পতিবার সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, দেশের উত্তর-পূর্বাঞ্চলের সীমান্ত সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সিলেট সেক্টরের অধীনস্থ তিনটি ব্যাটালিয়ন সর্বদা সতর্কতা ও পেশাদারির সঙ্গে দায়িত্ব পালন করছে। বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় সমন্বিত কার্যক্রমের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।
তিনি বলেন, সুনামগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ৯০ কিলোমিটার সীমান্তে ১৯টি বিওপির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা হচ্ছে। অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার ও সীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত ও বিশেষ টহল, গোয়েন্দা নজরদারি এবং ঝুঁকিপূর্ণ এলাকায় অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে। পাশাপাশি রাত্রিকালীন টহল ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে।
তিনি আরো বলেন, সীমান্ত নজরদারি আধুনিকায়নে গুরুত্বপূর্ণ স্থানে সৌরবিদ্যুৎচালিত সার্চলাইট ও সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এ ছাড়া নাইট ভিশন ডিভাইস, থার্মাল ড্রোনসহ অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। নদী, হাওর, পাহাড় ও দুর্গম এলাকায়ও বিভিন্ন নৌযানসহ এটিভির মাধ্যমে টহল পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন, বিজিবির নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রমের ফলে সীমান্তবর্তী জনগণের মধ্যে সচেতনতা বেড়েছে। সীমান্ত নিরাপত্তা রক্ষা ও সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য প্রদানে স্থানীয় জনগণ বিজিবিকে সহযোগিতা করছেন।
সীমান্ত নিরাপত্তা ও অপরাধ দমনে বিজিবি জেলা প্রশাসন, পুলিশ ও গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ করছে বলেও জানান তিনি।