বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আজকে পানির অভাবে সেচ ব্যবস্থা নাই। এই খালগুলো সব মরে গেছে। প্রতিটি খাল আমরা পুনঃখনন করবো এবং নতুন খাল কাটবো। খাল পুনঃখননের মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, কৃষি উৎপাদন বাড়বে এবং জলাবদ্ধতা কমবে।
সোমবার (১৬ মার্চ) বিকালে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার পলিশা বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। এর আগে পলিশা খাল খননের ফলক উন্মোচন এবং খাল খনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।
এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব কোরবান আলী, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল্লাহেল কাফি, অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান ভূঁঞা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজ উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান মোখলেসসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।